কাশ্মিরে অজ্ঞাত গেরিলা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত, শ্রীনগরে উচ্চ সতর্কতা জারি
জম্মু-কাশ্মিরের অনন্তনাগে অজ্ঞাত গেরিলাদের হামলায় পুলিশের এক সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। আব্দুল রশিদ শাহ (৫৫) নামে নিহত ওই ব্যক্তি পুলিশের উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
গতকাল (সোমবার) বিকেলে সন্দেহভাজন অজ্ঞাত গেরিলাদের গুলিতে ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহত আব্দুল রশিদ শাহ অনন্তনাগ জেলার কাজিগান্দ এলাকার পানজাথ এলাকার বাসিন্দা ছিলেন।
অনন্তনাগের সিনিয়র পুলিশ সুপার আলতাফ খান সন্ত্রাসীদের গুলিতে পুলিশের ওই সিনিয়র কর্মকর্তা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
মাহেন্দি কাদাল এলাকায় আব্দুল রশিদ শাহ যেখানে গুলিবিদ্ধ হন সেখান থেকে মাত্র ২০০ মিটার এলাকায় সাদ্দের থানা অবস্থিত। অনন্তনাগের ব্যস্ততম মাহেন্দি কাদাল এলাকায় তিনি যান নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় তার কাছে কোনো অস্ত্র ছিল না।
বুকের ডান দিকে গুলিবিদ্ধ হলে আব্দুল রশিদকে দ্রুত অনন্তনাগ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগরে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছে।
এদিকে, একইদিনে পুলওয়ামা জেলায় টেঙ্গপুনা এলাকায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের মহাপরিদর্শকের কনভয়ে পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী শূন্যে গুলি ছোঁড়ে এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায়।
পুলওয়ামা পুলিশের এক সিনিয়র কর্মকর্তা অবশ্য গুলি ছোঁড়ার কথা অস্বীকার করে কাঁদানে গ্যাসের সেল ফাটানোর কথা নিশ্চিত করেছেন।
এদিকে, গোয়েন্দা সূত্রে সাম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় আজ রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে উচ্চসতর্কতা জারি করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে জৈশ-ই মুহাম্মদ গেরিলা গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর স্থাপনায় হামলা চালাতে পারে বলে পুলিশের আশঙ্কা।
মাত্র দু’দিন আগেই পুলওয়ামা জেলা পুলিশ লাইন ভবনে জৈশ-ই মুহাম্মদ গেরিলা গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর ৮ জওয়ান ও ৩ গেরিলা নিহত হয়েছিলেন। ওই ঘটনার জের না মিটতেই পুলিশের এক কর্মকর্তা নিহত হওয়াসহ নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় শ্রীনগরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/এআর/২৯