কাশ্মির ইস্যুতে ওআইসিকে ভারতের কড়া বার্তা
https://parstoday.ir/bn/news/india-i45989-কাশ্মির_ইস্যুতে_ওআইসিকে_ভারতের_কড়া_বার্তা
কাশ্মির ইস্যু নিয়ে জাতিসংঘে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিকে সতর্ক করে দিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১৬:৩৭ Asia/Dhaka
  • কাশ্মির ইস্যুতে ওআইসিকে ভারতের কড়া বার্তা

কাশ্মির ইস্যু নিয়ে জাতিসংঘে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিকে সতর্ক করে দিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত।  

ওআইসির পক্ষ থেকে কাশ্মির ইস্যুতে করা মন্তব্য প্রত্যাখ্যান করে 'ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না' বলে নয়াদিল্লি মন্তব্য করেছে। ৫৭ মুসলিম দেশের সংস্থা ওআইসি'র ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই বলেও ভারত জানিয়েছে। ভবিষ্যতে তারা যেন এমন 'ভুল' না করে তা নিয়েও সতর্ক করেছে নয়াদিল্লি।

কাশ্মিরে কফিন নিয়ে মিছিল

জম্মু-কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে সম্প্রতি জাতিসংঘে সোচ্চার হয় ওআইসি। তাদের বক্তব্যের সূত্র ধরে ভারতের সমালোচনা করে পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগে বলা হয়, জম্মু-কাশ্মিরে ভারতের পক্ষ থেকে মানবাধিকার হনন করা হচ্ছে এবং সেখানে বসবাসরত মুসলিমদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রত্যাখ্যান করা হচ্ছে।   

কিন্তু গতকাল (শুক্রবার) জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের সচিব সুমিত শেঠ ওআইসির বিবৃতিকে নাকচ করে 'এটি তথ্যগত ভুলে ভরা' বলে মন্তব্য করেন। জম্মু-কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সে সম্পর্কে বিভ্রান্তিকর ইঙ্গিত করা হয়েছে বলে তিনি বলেন। ওআইসিকে ভবিষ্যতে এরকম প্রসঙ্গ তোলা থেকে বিরত থাকার জন্যও ভারতের পক্ষ থেকে জোরালো পরামর্শ দেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬