কুপওয়াড়ায় পাক বাহিনীর গুলিতে ১ বিএসএফ নিহত, পাঞ্জাব সীমান্তে ২ অনুপ্রবেশকারীকে হত্যা
জম্মু-কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরন সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে এক বিএসএফ জওয়ান নিহত ও অন্য দু’জন আহত হয়েছেন।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত বরাবর আজ (বুধবার) ভোরে পাকিস্তানি সেনাবাহিনী আচমকা গুলিবর্ষণ করে। এ সময় ভারতীয় বাহিনী পাল্টা গুলিবর্ষণ শুরু করে। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণে বিএসএফের তিন জওয়ান আহত হয়। এদের মধ্যে এক জওয়ান ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে অন্যদের চিকিৎসা চলছে।
এদিকে, ভারতের পাঞ্জাবে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে আজ বিএসএফের গুলিতে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছেন।
অনুপ্রবেশকারীরা বিএসএফের সতর্কতা মেনে আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তারা নিহত হন। ঘটনাস্থল থেকে বিএসএফ দু’জনের লাশ উদ্ধার করেছে। নিহতদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল এবং দুই ডজনেরও বেশি গুলি পাওয়া গেছে। এছাড়া একটি পাকিস্তানি সিমকার্ডসহ মোবাইল, চার কিলোগ্রাম হেরোইন, বিশ হাজার টাকা মূল্যের পাকিস্তানি নোট উদ্ধার হয়েছে।
ঘটনাস্থল ঘিরে ফেলে গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
আজ (বুধবার) বিএসএফের উপ-মহাপরিদর্শক জে এস ওবেরিও বলেন, দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী বিএসএফের হুঁশিয়ারি অগ্রাহ্য করে জওয়ানদের দিকে আক্রমণাত্মকভাবে এগোতে থাকলে নিরাপত্তা বাহিনী তাদের উপর গুলি চালায়।
একটি সূত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার দিবাগত মধ্য রাতে পাঞ্জাবের অমৃতসরে আজনালা সেক্টরে সীমান্তবর্তী শাহপুর সামরিক চৌকি এলাকায় ওই ঘটনা ঘটে। অনুপ্রবেশকারীরা বিএসএফের হুঁশিয়ারি না মেনে তাদের উদ্দেশ্যে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলিবর্ষণ করলে বিএসএফের পাল্টা গুলিতে সীমান্তের কাঁটাতারের পাশেই তারা নিহত হন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২০