ভারতের পশ্চিমবঙ্গে আশুরার শোক মিছিলে কয়েক হাজার মানুষ (ভিডিও)
https://parstoday.ir/bn/news/india-i46807-ভারতের_পশ্চিমবঙ্গে_আশুরার_শোক_মিছিলে_কয়েক_হাজার_মানুষ_(ভিডিও)
ভারতের পশ্চিমবঙ্গের রা কোলকাতার বিভিন্ন এলাকাতেও কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্নস্থানে আশুরার তাজিয়া মিছিল হয়েছে। গতকাল (শনিবার) সন্ধ্যাতেও কোলকাতার আলিমুদ্দিন স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই রোড প্রভৃতি এলাকায় তাজিয়া মিছিল বের হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০১, ২০১৭ ১৩:৫৬ Asia/Dhaka
  • বৃষ্টি উপেক্ষা করে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেন কয়েক হাজার মুসলমান
    বৃষ্টি উপেক্ষা করে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেন কয়েক হাজার মুসলমান

ভারতের পশ্চিমবঙ্গের রা কোলকাতার বিভিন্ন এলাকাতেও কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্নস্থানে আশুরার তাজিয়া মিছিল হয়েছে। গতকাল (শনিবার) সন্ধ্যাতেও কোলকাতার আলিমুদ্দিন স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই রোড প্রভৃতি এলাকায় তাজিয়া মিছিল বের হয়।

আজ উত্তর ২৪ পরগণা জেলার নারিকেলবেড়িয়াতে যথাযথ মর্যাদায় শোকাবহ আশুরা পালিত হয়েছে। ইতিহাসখ্যাত সৈয়দ মীর নিসার আলী ওরফে ‘তিতুমীর’-এর স্মৃতি বিজড়িত নারিকেলবেড়িয়ায় আজ (রোববার) বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, বসিরহাট, দেগঙ্গা প্রভৃতি থানা এলাকা থেকে কয়েক হাজার মানুষ আশুরার শোক মিছিলে অংশ নেন।  

স্থানীয় সাংবাদিক ওয়াসীম বারী রেডিও তেহরানকে বলেন, ‘আজ সকাল থেকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে কমপক্ষে ২৫/৩০ হাজার মানুষ তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেন। বিভিন্ন গ্রাম থেকে আসা তাজিয়া মিছিল দেখতে মছলন্দপুর-তেতুলিয়া রোড, মগরা-কেওটসা রোড এবং মছলন্দপুর-বসিরহাট রোডের বিভিন্ন অংশে মানুষজন সড়কের দুপাশে সমবেত হন। শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে তাজিয়া মিছিল সম্পন্ন করতে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়।  

নারিকেলবেড়িয়া কারবালা কমিটির সম্পাদক, সৈয়দ মদত আলী রেডিও তেহরানকে বলেন, বিভিন্ন থানা এলাকা থেকে আসা ১৮টি দল তাজিয়া মিছিলে শামিল হয়েছে।

তাজিয়া মিছিলে অংশ নেয়া স্থানীয় মান্দ্রা এলাকার বাসিন্দা মুহাম্মদ ফজের আলী বলেন, আজ বাগজোলা, মান্দ্রা, রাজাপুর, কুলিয়া, নারিকেল বেড়িয়া, ঢালিপাড়া, সলুয়া, পাপিলা, চাতরা, আটলিয়া, কেওটশা, সন্নিয়া, মাসিয়া-সোমপুর, মির্জাপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন প্রথমে কেওটসা মসজিদ ও ইমামবাড়াতে জড়ো হন। এরপর সেখান থেকে সুসজ্জিত তাজিয়া মিছিল নারিকেলবেড়িয়ায় তিতুমীরের স্মৃতি বিজড়িত মাজার এলাকা ও অস্থায়ী কারবালা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ থানা এলাকার চড়কা গ্রামে পীর সৈয়দ আব্দুর রাজ্জাকের মাজার এলাকায় অস্থায়ী 'কারবালা ময়দানে' আশুরা উপলক্ষে গতকাল শনিবার থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছে। স্থানীয় সাংবাদিক মুস্তাক হোসেন বলেন, এখানে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আশুরার অনুষ্ঠানে উপস্থিত আছেন। ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের পাশপাশি এখানে লাঠি খেলা, মাতম ইত্যাদিও অনুষ্ঠিত হয়।

পার্সটুডে/এমএএইচ/এআর/১