কাশ্মিরে পুলিশের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিল গেরিলারা, ব্যাপক তল্লাশি
https://parstoday.ir/bn/news/india-i47013-কাশ্মিরে_পুলিশের_কাছ_থেকে_রাইফেল_ছিনিয়ে_নিল_গেরিলারা_ব্যাপক_তল্লাশি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক পুলিশ সদস্যের কাছ থেকে গতকাল (বুধবার) রাতে রাইফেল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত গেরিলারা। গেরিলারা ইনসাস রাইফেলের পাশাপাশি একটি ম্যাগজিন ও ২০টি গুলিও নিয়ে গেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৫, ২০১৭ ০৯:২৩ Asia/Dhaka
  • ইনসাস রাইফেল (ফাইল ফটো)
    ইনসাস রাইফেল (ফাইল ফটো)

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক পুলিশ সদস্যের কাছ থেকে গতকাল (বুধবার) রাতে রাইফেল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত গেরিলারা। গেরিলারা ইনসাস রাইফেলের পাশাপাশি একটি ম্যাগজিন ও ২০টি গুলিও নিয়ে গেছে।

ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ বাহিনীর (আইআরপি) কনস্টেবল সাজ্জাদ আহমদ শ্রীনগর শহরের মহারাজগঞ্জ এলাকায় অবস্থিত খানকাহ-ই মাওলা দরগাহে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। শ্রীনগর শহর থেকে এই প্রথম পুলিশের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটল।

ওই ঘটনার পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনী গেরিলাদের সন্ধানে গোটা এলাকায় তল্লাশি চালালেও তাদের নাগাল পাওয়া যায়নি এবং রাইফেলও উদ্ধার হয়নি।  

শ্রীনগরে বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ (ফাইল ফটো)

পুলিশের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে শহরের বাটমালু এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান চালায়।  স্থানীয়রা বলছেন, নিরাপত্তা বাহিনী এসময় বাড়ি বাড়ি তল্লাশি চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।  

ওই ঘটনার পরে সংশ্লিষ্ট সমস্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সমস্ত পুলিশ চৌকিকে সতর্ক করে দেয়া হয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, রাত পৌনে ৯টা নাগাদ শ্রীনগরের ডাউন্টাউন এলাকার প্রসিদ্ধ দরগাহ খানকাহ-ই মাওলাতে আচমকা গেরিলারা হানা দেয় এবং সেখানে মোতায়েন পুলিশ সদস্য সাজ্জাদ আহমেদকে আত্মরক্ষা করার কোনো সুযোগ না দিয়ে তার কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে যায়।   

পুলিশ সাজ্জাদ আহমেদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। একটি সূত্রে প্রকাশ, কর্মকর্তারা বলছেন, কর্তব্যে গাফিলতি ও সন্ত্রাসীদের কাছে অস্ত্র সমর্পণের দায়ে সাজ্জাদ আহমেদকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫