জম্মু-কাশ্মির সীমান্তে প্রচুর বাঙ্কার নির্মাণ করছে ভারত
https://parstoday.ir/bn/news/india-i47939-জম্মু_কাশ্মির_সীমান্তে_প্রচুর_বাঙ্কার_নির্মাণ_করছে_ভারত
জম্মু-কাশ্মিরে ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের পক্ষ থেকে প্রচুর বাঙ্কার নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরো বেশি মোতায়েন করা হবে।   
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২৮, ২০১৭ ১২:০২ Asia/Dhaka
  • বাঙ্কারে ঘুমিয়ে আছেন বেসামরিক লোকজন
    বাঙ্কারে ঘুমিয়ে আছেন বেসামরিক লোকজন

জম্মু-কাশ্মিরে ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের পক্ষ থেকে প্রচুর বাঙ্কার নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরো বেশি মোতায়েন করা হবে।   

সরকারি সূত্রে প্রকাশ, কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের যেকোনো আক্রমণের জবাব কঠোরভাবে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। উভয়পক্ষের গুলিবর্ষণের মধ্যে পড়ে যাতে জম্মু-কাশ্মিরের বেসামরিক নাগরিকদের প্রাণহানি না হয়, সেই লক্ষ্য নিয়েই বাঙ্কার নির্মাণ করা হচ্ছে।

চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে ১৯ হাজার ব্যক্তিগত বাঙ্কার এবং চার হাজার ৭০০ কমিউনিটি বাঙ্কার নির্মাণের সিদ্ধান্তের কথা শোনা গিয়েছিল। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বারবার ওই ইস্যুতে সোচ্চার হয়েছিলেন। তিনি বাঙ্কার নির্মাণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন।

এদিকে, আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, গোটা জম্মু-কাশ্মির সীমান্তে ৬ হাজার ৩০০টি বাঙ্কার তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে, প্রস্তাবিত  বাঙ্কারগুলোর প্রত্যেকটিতে যাতে এক/দেড় হাজার মানুষ থাকতে পারেন সেভাবেই নির্মাণ করা হবে। সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মসূচি হাতে নেয়া  হয়েছে।  

ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ভারত কৌশল পরিবর্তন করে পাকিস্তানের যেকোনো আক্রমণের কঠোর জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় যাতে বেসামরিক নাগরিকদের প্রাণহানি না হয়, সেই লক্ষ্যে ওই বাঙ্কার নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮