জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ১ পুলিশ নিহত, প্রতিবাদ বিক্ষোভ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/india-i47968-জম্মু_কাশ্মিরে_সংঘর্ষে_১_পুলিশ_নিহত_প্রতিবাদ_বিক্ষোভ_কাঁদানে_গ্যাস_নিক্ষেপ
জম্মু-কাশ্মিরে এক সংঘর্ষে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক সদস্য নিহত ও দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৭ ১২:৫৫ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ১ পুলিশ নিহত, প্রতিবাদ বিক্ষোভ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

জম্মু-কাশ্মিরে এক সংঘর্ষে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক সদস্য নিহত ও দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

আজ (রোববার) উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলার মীর মহল্লা গ্রামে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে গেরিলারা গোলযোগের মধ্যে পালিয়ে যেতে সমর্থ হয়েছে বলে গণমাধ্যমে বলা হয়েছে। 

আজ সংঘর্ষ শুরু হলে সংশ্লিষ্ট এলাকায় প্রতিবাদী তরুণরা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর নিক্ষেপ করে। এসময় নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়।

সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে আজ সকালে সেনাবাহিনীর ১৩ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু-কাশ্মির পুলিশ (সিআরপিএফ) সদস্যরা গোটা এলাকা ঘিরে ফেলে যৌথভাবে তল্লাশি চালায়। এ সময় লুকিয়ে থাকা গেরিলারা গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়। উভয়পক্ষের বন্দুক যুদ্ধের মধ্যে পড়ে  জাহির আব্বাস নামে স্পেশাল অপারেশন গ্রুপের এক সদস্য গুরুতর আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানে মারা যান।  

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে উভয়পক্ষের মধ্যে গুলিবর্ষণ বন্ধ হলেও নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। গোলযোগপূর্ণ ওই এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৯