জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসনের দাবি করল ন্যাশনাল কনফারেন্স
https://parstoday.ir/bn/news/india-i47976-জম্মু_কাশ্মিরের_স্বায়ত্বশাসনের_দাবি_করল_ন্যাশনাল_কনফারেন্স
জম্মু-কাশ্মিরে স্বায়ত্বশাসনের দাবিতে ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে এক প্রস্তাব পাস হয়েছে। আজ (রোববার) শ্রীনগরে দলীয় সম্মেলনে ওই প্রস্তাব পাস হয়। আজ দলটির প্রধান ডাঃ ফারুক আবদুল্লাহকে পুনরায় ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৭ ১৫:৫৪ Asia/Dhaka
  • ডাঃ ফারুক আবদুল্লাহ
    ডাঃ ফারুক আবদুল্লাহ

জম্মু-কাশ্মিরে স্বায়ত্বশাসনের দাবিতে ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে এক প্রস্তাব পাস হয়েছে। আজ (রোববার) শ্রীনগরে দলীয় সম্মেলনে ওই প্রস্তাব পাস হয়। আজ দলটির প্রধান ডাঃ ফারুক আবদুল্লাহকে পুনরায় ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

ওই অনুষ্ঠানে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, আমরা স্বায়ত্বশাসন চাই। আমরা ভারতীয় সংবিধানের মধ্য থেকে তা চাচ্ছি, পাকিস্তান বা অন্য কারো থেকে নয়। আমাদের কাছে নিজেদের সংবিধান আছে। আমাদের পৃথক পতাকা রয়েছে। অন্য রাজ্যের সঙ্গে আমাদের তুলনা করবেন না।

ওমর আবদুল্লাহ বলেন, সংলাপের মাধ্যমেই কাশ্মির সমস্যার সমাধান বেরোতে পারে। এ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

জম্মু-কাশ্মিরে ন্যাশনাল কনফারেন্স

ওই সম্মেলনে ফারুক আবদুল্লাহ অভিযোগ করে বলেন, ন্যাশনাল কনফারেন্সের ক্ষতি করার জন্য দিল্লি থেকে অর্থ আসছে। ন্যাশনাল কনফারেন্স কখনো মরবে না তা জীবিত থাকবে বলেও ফারুক আবদুল্লাহ মন্তব্য করেন।

এদিকে, গতকাল (শনিবার) রাজকোটে কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম কাশ্মিরে অধিক স্বায়ত্তশাসন দেয়ার পক্ষে সাফাই দিলে তার তীব্র সমালোচনা করেছে বিজেপি।

কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম

চিদম্বরম বলেন, জম্মু-কাশ্মির ভারতের এক অবিচ্ছেদ্য অংশ থাকবে, কিন্তু ৩৭০ ধারার অধীনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের আরো ক্ষমতা দেয়া উচিত।

তার ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা যে পি চিদম্বরম বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে কথা বলছেন এবং আজাদি চাইছেন। কিন্তু এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তাদের নেতাই ভারত টুকরো টুকরো হয়ে যাবে স্লোগান সমর্থন করেছিলেন।

বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি 

এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে কংগ্রেস একে চিদম্বরমের ব্যক্তিগত মত বলে সাফাই দিয়েছে।

দলীয় মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেছেন, গণতন্ত্রে প্রত্যেক ব্যক্তিরই মত প্রকাশের অধিকার আছে। কোনো ব্যক্তির মতামত কংগ্রেসের মতামত হবে, এর কোনো মানে নেই। জম্মু-কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং তা থাকবে। 

এদিকে আজ (রোববার) বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওই ইস্যুতে  কটাক্ষ করে বলেছেন, এই সেদিন পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা আজ ইউটার্ন নিয়ে নির্লজ্জের মতো বিবৃতি দিচ্ছেন। কাশ্মির নিয়ে এমন বিবৃতি দিতে এসকল লোকেদের লজ্জাও হয় না। কাশ্মিরে যারা আজাদির দাবি জানাচ্ছেন তাদের সঙ্গে সুর মেলাচ্ছেন। দেশের একতা ও অখন্ডতা নিয়ে কোনো আপস করা হবে না বলেও প্রধানমন্ত্রী বলেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৯