কাশ্মির ইস্যুতে দীনেশ্বরের সঙ্গে আলোচনা সময়ক্ষেপণের কৌশল মাত্র: হুররিয়াত
জম্মু-কাশ্মিরে শান্তি ফেরাতে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাবেক গোয়েন্দা কর্মকর্তা দীনেশ্বর শর্মার নিয়োগকে সময়ক্ষেপণের কৌশল বলে মন্তব্য করেছে হুররিয়াত কনফারেন্স।
হুররিয়াতের যৌথ নেতৃত্বের পক্ষ থেকে গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক দমনপীড়ন ব্যর্থ হওয়ায় দীনেশ্বরকে নিয়োগ করে নয়া কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার সঙ্গে সংলাপে বসে কোনো লাভ হবে না।
সাইয়্যেদ আলী শাহ গিলানি, মীরওয়াইজ ওমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসিন মালিক এ নিয়ে আলোচনায় বসার পরে এক বিবৃতিতে বলা হয়, কাশ্মির বিতর্কিত এলাকা তা আগে ভারত সরকারকে স্বীকার করতে হবে। তবেই আলোচনায় ফল হতে পারে।
কাশ্মিরের যৌথ নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা ও সামরিক দমনপীড়নে আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক পরিস্থিতির বাধ্যবাধকতার কারণেই কেন্দ্রীয় প্রতিনিধি নিয়োগ করা হয়েছে, যা আসলে সময়ক্ষেপণ কৌশলমাত্র।
হুররিয়াতের মতে, ভারতীয় সংবিধানেই কাশ্মিরের স্বায়ত্ত্বশাসনের কথা আছে। সেই স্বায়ত্ত্বশাসনের কথা বলার জন্য ভারতের অন্য একটি প্রধান দলের নেতাকেই বিজেপি টার্গেট করেছে। সুতরাং কাশ্মির নিয়ে তাদের মনোভাব স্পষ্ট হয়েছে।
দীনেশ্বর শর্মা সিরিয়ার সঙ্গে কাশ্মিরের তুলনা করায় তাতেও ক্ষুব্ধ হয়েছেন হুররিয়াত নেতারা। তারা বলছেন, সিরিয়ার সঙ্গে কাশ্মিরের তুলনা করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কাশ্মিরের মানুষের সাত দশকের সংগ্রাম সম্পূর্ণ বৈধ। ইতিহাসের প্রেক্ষাপটে তার তাৎপর্য বুঝতে হবে।
তাদের মতে, কাশ্মির সমস্যার পেছনে রয়েছে রাজনৈতিক ও মানবিক বিষয়। একটানা ৭০ বছর ধরে ওই সমস্যা জিইয়ে রয়েছে। কিন্তু সিরিয়ার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সিরিয়ার সঙ্গে কাশ্মিরের কোনো তুলনাই চলে না।
দীনেশ্বর সম্প্রতি বলেছেন, কাশ্মিরে যদি কট্টরবাদ বাড়তে থাকে, তাহলে পরিস্থিতিটা ইয়েমেন, সিরিয়া এবং লিবিয়ার মতো হবে।
অন্যদিকে, সম্প্রতি কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বলেন, ‘আজাদি বলতে বেশিরভাগ কাশ্মিরি স্বায়ত্ত্বশাসনের কথাই বোঝাতে চান।’ তিনি সেখানে অধিক স্বায়ত্ত্বশাসনের পক্ষে সাফাই দিয়েছেন। এর পরে তার সমালোচনা করে বিজেপি নেতৃবৃন্দ পাল্টা বিবৃতি দেন।
বিজেপি’র দাবি, আজাদির কথা বলে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের সুরে সুর মিলিয়েছে কংগ্রেস। দলটির পক্ষ থেকে অবশ্য একে চিদম্বরমের ব্যক্তিগত মত বলে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২