কাশ্মিরে ৬ গেরিলা নিহত: প্রতিবাদে সর্বাত্মক বনধ পালিত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর হামলায় ছয় গেরিলা নিহত ও তল্লাশির প্রতিবাদে সর্বাত্মক বনধ পালিত হয়েছে।
যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে আজ (রোববার) বনধের ফলে কাশ্মির উপত্যাকার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল (শনিবার) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬ গেরিলা নিহত হয়। ওই ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর এক সদস্যও নিহত হয়েছে।
গেরিলাদের সন্ধানে প্রতিদিনই তল্লাশি, ঘেরাও ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে বনধ পালিত হয়েছে। আজ বনধের ফলে দোকানপাট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যদিকে, সড়কে যান চলাচল বন্ধের পাশাপাশি বিভিন্ন এলাকায় মানুষজনের চলাচলে বিধিনিষেধ জারি করা হয়।
কর্মকর্তা সূত্রে প্রকাশ, গতকালের মতো আজও পারিমপোরা, খানইয়ার, নৌহাট্টা, সাফাকদল, এম আর গঞ্জ এবং রায়নাবাড়ি থানা এলাকায় ১৪৪ ধারা অনুসারে নিষেধাজ্ঞা জারি রয়েছে। অন্যদিকে, পুরোনো শহরের ক্রালখুদ এবং সিভিল লাইন্স এলাকায় মৈসুমাতে আংশিক বিধিনিষেধ রয়েছে। আজ স্পর্শকাতর ও নিষেধাজ্ঞা আরোপ করা এলাকায় বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অতিরিক্ত সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

এদিকে, আজ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরে ১৯০ 'সন্ত্রাসী' নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১০ জন বিদেশি ও ৮০ জন্য স্থানীয় 'সন্ত্রাসী' বলে উল্লেখ করা হয়েছে। ৬৬ জন নিহত হয় নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করার সময়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৯