জম্মু-কাশ্মির সীমান্তে নিহতের সংখ্যা বেড়ে ১২, রাজনাথের হুঁশিয়ারি
জম্মু-কাশ্মিরে সীমান্তবর্তী এলাকায় ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ১২ তে পৌঁছেছে। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর ৫ সদস্য এবং ৭ বেসামরিক ব্যক্তি রয়েছেন।
গত (বৃহস্পতিবার) থেকে সেখানে দু'পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ চলছে। গতকাল (রোববার) রাতে জম্মু-কাশ্মিরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর কানাচক এলাকায় পাকবাহিনীর গুলিবর্ষণে এক বেসামরিক ব্যক্তি নিহত ও এক নারীসহ অন্য দু’জন আহত হয়েছেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, রাম দাস বাওয়া ও গোপাল দাস বাওয়া নামে দুইভাই নিজ বাসায় মর্টার শেলের আঘাতে আহত হন। দু’জনকেই সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে গোপাল দাস বাওয়াকে (৪৪) মৃত ঘোষণা করা হয়। আহত রাম দাসের অবস্থা গুরুতর। অন্যদিকে, বিমলা দেবী নামে এক গৃহবধূ স্প্লিটারের আঘাতে আহত হলে তাকেও সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক সীমান্ত বরাবর বিভিন্ন সামরিক চৌকি ও গ্রামে পাকবাহিনী ভারী গুলিবর্ষণসহ ১২০ মিলিমিটার মর্টার হামলা চালিয়েছে বলে বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন।
'আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে'
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে আজ (সোমবার) পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সহ-অধিকর্তা ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ রেডিও তেহরানকে বলেন, ‘কাশ্মির সীমান্তে দু’দেশের সেনাদের গুলি বিনিময়ে সেখানকার সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। সীমান্তবর্তী এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে অন্যত্র থাকার যে ব্যবস্থা করা হচ্ছে তাতে তাদের সাধারণ জীবনযাপন ব্যাহত হচ্ছে। সীমান্তে দু’দেশের মধ্যে গোলাগুলিতে যেভাবে সাধারণ মানুষের মধ্যে বিপন্নতা দেখা দিয়েছে, দু’দেশের প্রধানদের আলোচনার মাধ্যমে অবিলম্বে তা নিরসন করতে হবে।’
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুঁশিয়ারি
এদিকে, গতকাল (রোববার) উত্তর প্রদেশের লক্ষনৌয়ে ‘ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সঙ্ঘ’র সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গোটা বিশ্ব ভারতের কড়া মানসিকতার সঙ্গে পরিচিত। কেবল দেশের মাটি কেন, প্রয়োজন হলে বিদেশের মাটিতে গিয়েও শত্রুকে আঘাত করতে পারে ভারতীয় সেনা।’
তিনি বলেন, ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখতে চায়। কিন্তু পাকিস্তান কখনই সংশোধন হবে না। রাজনাথের এ ধরণের মন্তব্যের পরেও পাক সেনাদের গুলিবর্ষণে এক বেসামরিক ব্যক্তি নিহত ও অন্য দু’জন আহত হয়েছেন।
ভারতের হাইকমিশনারকে তলব করল পাকিস্তান
এদিকে, নিয়ন্ত্রণরেখা বরাবর বিনাপ্ররোচনায় গুলিবর্ষণে বেসামরিক ব্যক্তিদের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল (রোববার) ভারতের ডেপুটি হাইকমিশনার জে পি সিংকে তলব করে ক্ষোভ প্রকাশ করেছেন পাক পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া এবং সার্ক বিষয়ক মহাপরিচালক মুহাম্মদ ফয়সাল। এ নিয়ে প্রায় একনাগাড়ে চারদিন ধরে ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তলব করে ক্ষোভ প্রকাশ করল পাকিস্তান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২