জম্মু-কাশ্মিরে তুষার ধসের কবলে পড়ে ৩ ভারতীয় সেনা নিহত
https://parstoday.ir/bn/news/india-i52405-জম্মু_কাশ্মিরে_তুষার_ধসের_কবলে_পড়ে_৩_ভারতীয়_সেনা_নিহত
জম্মু-কাশ্মিরের কুপওয়াড়া জেলার মছিল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকিতে তুষারধস আঘাত হানলে তিন সেনা নিহত ও অন্য একজন আহত হয়েছেন। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০১৮ ০৮:১৭ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে তুষার ধসের কবলে পড়ে ৩ ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মিরের কুপওয়াড়া জেলার মছিল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকিতে তুষারধস আঘাত হানলে তিন সেনা নিহত ও অন্য একজন আহত হয়েছেন। 

গতকাল (শুক্রবার) বিকেল সাড়ে চারটা নাগাদ হতাহতের ওই ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়ে হাবিলদার কমলেশ কুমার (৩৯), নায়েক বলবীর (৩৩) এবং সিপাহী রাজিন্দার (২৫) নিহত হয়েছেন। নিহত তিন সেনা সদস্যই রাজস্থানের বাসিন্দা।

সেনা চৌকিতে তুষার ঝড় আঘাত হানার পর থেকে চার সেনা সদস্য নিখোঁজ ছিলেন। পরে বরফের নিচে চাপা পড়ে থাকা সেনাসদস্যদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই এক জওয়ান মারা যান এবং সিপাহী বিপিনসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিপিনের অবস্থা স্থিতিশীল হলেও পরে অন্য দুই সেনা মারা যান।

কর্মকর্তারা বলেন, কুপওয়াড়া জেলার মছিল সেক্টরে শুক্রবার ভারী তুষারপাত ও তুষারধসের ঘটনা ঘটে। গত বুধবারই কুপওয়াড়াসহ জম্মু-কাশ্মিরের বিভিন্ন জেলায় ভারী তুষারধসের সতর্কতা জারি করা হয়েছিল।

গতবছর জানুয়ারিতে জম্মু-কাশ্মিরের গুরেজ সেক্টরে তুষারধসের কবলে পড়ে ১৪ সেনাসদস্য নিহত হয়েছিলেন। গত ডিসেম্বরে কুপওয়াড়া ও বান্দিপোরাতে তুষারধসের ঘটনায় সেনাবাহিনীর পাঁচ জওয়ান নিখোঁজ হয়েছিলেন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক তল্লাশি চালানো হলে পাঁচ জওয়ানের লাশ উদ্ধার করা হয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩