পাকিস্তানের গুলিতে ৪ ভারতীয় সেনা নিহত, কাশ্মির বিধানসভায় হট্টগোল
https://parstoday.ir/bn/news/india-i52513-পাকিস্তানের_গুলিতে_৪_ভারতীয়_সেনা_নিহত_কাশ্মির_বিধানসভায়_হট্টগোল
জম্মু-কাশ্মিরে সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে কর্মকর্তাসহ ভারতীয় চার সেনা সদস্য নিহত ও এক শিশুসহ অন্য পাঁচ জন আহত হয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ (সোমবার) জম্মু-কাশ্মির বিধানসভায় তুমুল গোলযোগ সৃষ্টি হলে স্পিকার কবিন্দর গুপ্তাকে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি করে দিতে হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১০:১৩ Asia/Dhaka
  • ক্যাপ্টেন কপিল কুণ্ডুসহ নিহত ৪ সেনা (ফাইল ফটো)
    ক্যাপ্টেন কপিল কুণ্ডুসহ নিহত ৪ সেনা (ফাইল ফটো)

জম্মু-কাশ্মিরে সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে কর্মকর্তাসহ ভারতীয় চার সেনা সদস্য নিহত ও এক শিশুসহ অন্য পাঁচ জন আহত হয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ (সোমবার) জম্মু-কাশ্মির বিধানসভায় তুমুল গোলযোগ সৃষ্টি হলে স্পিকার কবিন্দর গুপ্তাকে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি করে দিতে হয়।

গতকাল (রোববার) বিকেলে রাজৌরি জেলার ভিম্বার গলি সেক্টরে ভারত-পাক সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলিবর্ষণ শুরু হয়। পাক বাহিনীর গুলিতে ক্যাপ্টেন কপিল কুণ্ডু (২২), হাবিলদার রোশন লাল (৪২), রাইফেলম্যান রাম অবতার (২৭) এবং রাইফেলম্যান শুভম সিংহ (২৩) নিহত হয়েছেন।

আজ (সোমবার) বিধানসভার কাজ শুরু হতেই বিজেপি ও ন্যাশনাল কনফারেন্স বিধায়করা পাকবাহিনীর গুলিবর্ষণে সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান।

বিজেপি বিধায়ক রবিন্দর রায়না পাকিস্তানবিরোধী স্লোগান দিয়ে ক্ষোভে ফেটে পড়েন। 

কাশ্মির বিধানসভায় হট্টগোল

ন্যাশনাল কনফারেন্স বিধায়ক দেবেন্দর সিং রানা এবং বিধায়ক আলী মুহাম্মদ সাগর স্পিকার কবিন্দর গুপ্তার দৃষ্টি আকর্ষণ করে সীমান্তে একনাগাড়ে গোলাগুলি বর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বিবৃতি দাবি করেন। কতদিন ধরে এসব চলবে- বিধানসভায় এ প্রশ্নও ছুঁড়ে দেন তারা।

অন্যদিকে, কুলগাম এলাকায় সেনাবাহিনীর গুলিতে এক তরুণ আহত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ন্যাশনাল কনফারেন্স বিধায় আলতাফ কালু। বিরোধী সদস্যরা এসময় ‘মোদি সরকার, হায়! হায়!’, ‘পিডিপি-বিজেপি সরকার হায়! হায়!’, ‘আরএসএস সরকার হায় হায়!’ স্লোগান দেন।

ন্যাশনাল কনফারেন্স বিধায়করা বিজেপি সদস্যদের উদ্দেশ্যে ‘আপনাদের ৫৬ ইঞ্চি বুকের ছাতি কোথায় গেল’ বলে কটাক্ষ করেন। বিধানসভার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকারকে দশ মিনিটের জন্য অধিবেশনের কাজ মুলতুবি করে দিতে হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং এ বছর যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা বেশি। গতকাল (রোববার) তারা পুনরায়  যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমরা পাকিস্তানের কৃতকর্মকে ক্ষমা করব না।’

‘যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের বোকামি প্রমাণিত হবে এবং তাদেরকে এজন্য ভারী মূল্য দিতে হবে’ বলেও হংসরাজ আহির মন্তব্য করেছেন।

 

পার্সটুডে/এমএএইচ/এআর/৫