কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে গেরিলা নিহত, সীমান্তে ভারত-পাকিস্তান গুলি বিনিময়
https://parstoday.ir/bn/news/india-i53661-কাশ্মিরে_নিরাপত্তা_বাহিনীর_গুলিতে_গেরিলা_নিহত_সীমান্তে_ভারত_পাকিস্তান_গুলি_বিনিময়
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই তাইয়্যেবার এক গেরিলা সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার) রাতে ওই গেরিলা সদস্য নিহত হন। আজ সকালে স্থানীয় মানুষজন তার লাশ উদ্ধার করে তাকে দাফন করে দেয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১১:২৮ Asia/Dhaka
  • কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে গেরিলা নিহত, সীমান্তে ভারত-পাকিস্তান গুলি বিনিময়

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই তাইয়্যেবার এক গেরিলা সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার) রাতে ওই গেরিলা সদস্য নিহত হন। আজ সকালে স্থানীয় মানুষজন তার লাশ উদ্ধার করে তাকে দাফন করে দেয়।

ওই ঘটনার প্রতিবাদে আজ (মঙ্গলবার) উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলার হাজিন এলাকায় সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ বনধের ফলে দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোটা জেলাজুড়ে ইন্টারনেট পরিসেবা বন্ধ রেখেছেন।

গণমাধ্যমের একটি সূত্র বলছে, গতকাল সোমবার হাজিন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন ওই গেরিলা। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান চালালেও ঘটনাস্থল থেকে ওই গেরিলা পালিয়ে যেতে সমর্থ হন। স্থানীয় বাসিন্দারা আজ (মঙ্গলবার) সকালে তার লাশ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে তার লাশ হস্তান্তর করার জন্য বলা হলেও গ্রামবাসীরা হস্তান্তর না করেই তাকে দাফন করে দিয়েছে।

জম্মু-কাশ্মির পুলিশের এক কর্মকর্তা বলেন, সোমবার বান্দিপোরার হাজিনে জম্মু-কাশ্মির পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ যৌথ অভিযান চালানোর সময় এক 'পাকিস্তানি সন্ত্রাসী' নিহত হয়। গ্রামবাসীরা আজ সকালে তার লাশ উদ্ধার করে।

ভারত-পাক গুলি বিনিময়

অন্যদিকে, আজ (মঙ্গলবার) সকালে পুঞ্চ ও রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন স্থানে ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ হয়।  

কর্মকর্তারা বলছেন, আজ সকাল পৌনে ন’টা নাগাদ পাকিস্তানের দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। ভারতীয় বাহিনী পাল্টা গুলিবর্ষণের মাধ্যমে পাক বাহিনীকে জবাব দিয়েছে।

সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর ভিম্বার গলি সেক্টরে পাকবাহিনী বিনা প্ররোচনায় ছোট ও স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণসহ মর্টার হামলা চালায়। পাক বাহিনী মাঞ্জাকোট, নিয়াকা পাঞ্জগ্রিয়ান, লাম্বিবাড়ি ও বালাকোট এলাকাতেও মর্টার নিক্ষেপ করেছে। রাজৌরি জেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭