কাশ্মিরের নৌসেরা সেক্টরে পাল্টাপাল্টি গুলি, ভারতীয় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের নৌসেরা সেক্টরে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।
আজ (সোমবার) উভয়পক্ষের মধ্যে কমপক্ষে দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে। এসময় ছোট ও মাঝারি অস্ত্র প্রয়োগের পাশপাশি বেশ কিছু মর্টার হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সেনাবাহিনীর এক সদস্য গুলিতে আহত হলে তাকে স্থানীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, অরনিয়া থানায় মোতায়েন গুরচরণ সিং নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সীমান্তসংলগ্ন বহু স্কুল বন্ধ
এদিকে, ভারত-পাক সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের মধ্যে জম্মুতে আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন বহু স্কুল আজ বন্ধ রাখা হয়েছে। এক কর্মকর্তা বলেন, জম্মু, সাম্বা ও কঠুয়াতে আন্তর্জাতিক সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। পাক সেনাদের গুলিবর্ষণের ফলে ওই সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট এলাকায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর কমপক্ষে দেড়শ’ স্কুল রয়েছে।
গত এক সপ্তাহে পাকিস্তানি রেঞ্জার ও সেনাবাহিনী বেসামরিক আবাসিক এলাকাকে টার্গেট করে গুলিবর্ষণ করেছে। এরফলে বিএসএফের দুই সদস্যসহ ছয় জন নিহত ও কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।
পুলওয়ামায় পুলিশ ফাঁড়িতে গুলি
এদিকে, আজ দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামাতে অজ্ঞাত এক বন্দুকধারী পুলিশ ফাঁড়িতে গুলিবর্ষণ করে হামলা চালায়। সাদেহপোরা তাহাব এলাকায় সংখ্যালঘু শিখদের জন্য গঠিত নিরাপত্তা ফাঁড়িতে গেরিলা হামলা হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ বলছে, হামলাকারী রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
আহত সেনার মৃত্যু
অন্যদিকে, নায়েক দীপক নাইনোয়াল (৩৫) নামে সেনাবাহিনীর আহত এক সদস্য গতকাল (রোববার) মারা গেছেন। গতমাসে তিনি দক্ষিণ কাশ্মিরে এক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। তাকে দিল্লির সামরিক হাসপাতাল থেকে পুনের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তিনি মারা গেছেন। #
পার্সটুডে/এমএএইচ/এআর/২১