অসম বিধানসভা নির্বাচন: জরিপ প্রত্যাখ্যান করলেন আজমল-গগৈ
-
তরুণ গগৈ- মাওলানা বদরউদ্দিন আজমল
৩১ মার্চ (রেডিও তেহরান): ভারতের অসমে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবিপি আনন্দ এবং নিয়েলসন যে জনমত জরিপ প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান কংগ্রেস ও ইউডিএফ। কংগ্রেস নেতা ও অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বুধবার বলেন, ‘অতীতে এবিপি-নিয়েলসনের জরিপ রিপোর্ট ব্যর্থ হয়েছে, এবারেও ভুল প্রমাণিত হবে ওই রিপোর্ট। বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিজেপি ফায়দা তুলতে চাচ্ছে।’
এবিপি-নিয়েলসনের জরিপ রিপোর্টকে ডাহা মিথ্যা প্রমাণ করতে তিনি দিল্লি বিধানসভা নির্বাচনের মুখে জরিপ রিপোর্টের কথা তুলে ধরেন। তরুণ গগৈ বলেন, ‘দিল্লিতে প্রাক নির্বাচনি জরিপে বিজেপি ৩৪ টি আসন আসন পেতে পারে বলে ওরা জানিয়েছিল। কিন্তু ফল বেরোনোর পরে দেখা যায় মাত্র ৩ টি আসন জুটেছে তাদের! বিহার বিধানসভা নির্বাচনেও ওরা বলেছিল বিজেপি ১২৮ টি আসন পেতে পারে। যদিও বিজেপি মাত্র ৫৩ টি আসন পেয়েছে সেখানে।’ ২০১১ সালেও এবিপি-নিয়েলসনের জরিপ রিপোর্ট ভুল প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেছেন তরুণ গগৈ।
রাজ্যের কংগ্রেস প্রেসিডেন্ট অঞ্জন দত্তও এবিপি-নিয়েলসন জরিপকে খারিজ করে দিয়ে ৭১ টি আসন পেয়ে তারাই অসমে সরকার গড়বেন বলে দাবি করেছেন।
এবিপি আনন্দ-নিয়েলসেন যৌথ জনমত জরিপে বলা হয়েছে, ১২৬ আসনের অসম বিধানসভায় বিজেপি-অগপ-বিপিএফ জোট ৭৮ আসনে জয়ী হবে। কংগ্রেস পাবে মাত্র ৩৬ টি এবং ইউডিএফ ১০ টি আসন পেতে পারে। এরপরেই কংগ্রেস এবং ইউডিএফের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ওই জরিপ রিপোর্টকে উড়িয়ে দেয়া হয়েছে।
ইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল বুধবার দলীয় সমাবেশে এবিপি-নিয়েলসন জরিপ রিপোর্টকে প্রত্যাখ্যান করে বলেন, ‘কোনো শক্তি ইউডিএফকে আটকাতে পারবে না, জরিপ রিপোর্ট যাই বলুক, কমপক্ষে ৪৫ টি আসন পেয়ে কিং মেকার থাকবে দল। ভোটের পরেই তরুণ গগৈ ইউডিএফের সমর্থনের জন্য লাইনে দাড়াবেন।’
জরিপ রিপোর্ট প্রসঙ্গে কটাক্ষ করে তিনি ‘শকুনের দোয়ায় গরু মরে না’ বলেও মন্তব্য করেন। তিনি বলেন, সাম্প্রদায়িক বিজেপিকে অসমের শাসন ক্ষমতায় কোনো মতেই বসতে দেয়া হবে না। দিল্লি এবং বিহারে বিজেপির শোচনীয় পরাজয় হয়েছে উল্লেখ করে পশ্চিমবঙ্গেও এদের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেন আজমল।
মাওলানা বদরউদ্দিন আজমল শুধু আসন সংখ্যার কথা শুনিয়েই শেষ করেননি; তিনি রীতিমত রাজ্যে সরকার গড়ার দাবিও জানিয়েছেন। তিনি বলেন, ‘এবার তাদের সরকার গঠন নিশ্চিত।’ নতুন সরকার গঠনের পরে কাটিগড়ায় কলেজ, বিশ্ববিদ্যালয়, শিল্প প্রতিষ্ঠান গড়ার আশ্বাস ছাড়াও এক বছরের মধ্যেই ‘ডি’ ভোটারের সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেন মাওলানা বদরউদ্দিন আজমল। #
রেডিও তেহরান/এমএএইচ/এআর/৩১