কাশ্মিরে সামরিক যানের নিচে পিষ্ট হয়ে নিহত ১ : ইয়াসিন গ্রেফতার, ফারুক গৃহবন্দি
https://parstoday.ir/bn/news/india-i58286-কাশ্মিরে_সামরিক_যানের_নিচে_পিষ্ট_হয়ে_নিহত_১_ইয়াসিন_গ্রেফতার_ফারুক_গৃহবন্দি
জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধান মুহাম্মদ ইয়াসিন মালিককে গ্রেফতার এবং হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০২, ২০১৮ ১০:৫৮ Asia/Dhaka
  • তিন কাশ্মিরি যুবককে গাড়ি চাপা দেয়া হয়।
    তিন কাশ্মিরি যুবককে গাড়ি চাপা দেয়া হয়।

জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধান মুহাম্মদ ইয়াসিন মালিককে গ্রেফতার এবং হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করা হয়েছে।

ডাউনটাউন শ্রীনগরে এক তরুণ নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভের আশঙ্কায় আজ (শনিবার) সকালে তাদেরকে গ্রেফতার ও গৃহবন্দি করা হয়। খুব শিগগিরি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাশ্মির সফরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

কাইজার ভাট নামে এক তরুণের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষার্থে খানইয়ার, সাফাকদল, নৌহাট্টা, এম আর গঞ্জ, ক্রালখুদ এবং মৈসুমা থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মীরওয়াইজ ওমর ফারুক ও ইয়াসিন মালিক (ফাইল ফটো)

জেকেএলএফ-এর এক মুখপাত্র বলেন, পুলিশের একটি দল আজ সকালে মৈসুমায় নিজ বাসভবনে এসে ইয়াসিন মালিককে গ্রেফতার করেছে।

অন্যদিকে, হুররিয়াতের এক মুখপাত্র বলেন, মীরওয়াইজ ওমর ফারুককে তার বাসভবনে গৃহবন্দি করা হয়েছে। আজই ঐতিহাসিক বদর যুদ্ধের বার্ষিকীতে এক সমাবেশে ভাষণ দেয়ার কথা ছিল মীরওয়াইজ ওমর ফারুকের।

এদিকে, গতকাল নৌহাট্টা এলাকায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের একটি সামরিক যানের নীচে পিষ্ট হয়ে কাইজার ভাটসহ (২১) বিক্ষোভরত তিন প্রতিবাদী তরুণ গুরুতর আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কাইজার ভাট আজ ভোরে মারা যান। মীরওয়াইজ ওমর ফারুক ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

ন্যাশনাল কনফারেন্স নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ওই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এর আগে বিক্ষোভকারীদের ভয় দেখাতে এক কাশ্মিরি তরুণকে জিপের উপরে বেধে ঘোরানো হয়েছিল। এবার বিক্ষোভকারীদের উপরে সরাসরি জিপ চালিয়ে দেয়া হচ্ছে! মুখ্যমন্ত্রী এটা কী আপনার নয়া পদ্ধতি? সংঘর্ষ বিরতির অর্থ কী গুলি নয়, জিপ ব্যবহার করা?’

আজ নিহত ওই তরুণের জানাজা ও দাফনে  কয়েক হাজার মানুষ অংশ নেয়। এসময় প্রতিবাদী জনতা স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করলে বেশ কিছু মানুষ আহত হয়।

কাশ্মিরে বেসামরিক ব্যক্তিদের নিহতের ঘটনা বেড়ে চলার প্রতিবাদে সাইয়্যেদ আলীশাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে কাশ্মির উপত্যকায় আজ সর্বাত্মক বনধ পালিত হয়েছে।

এদিকে, আজ সকালে গান্দেরবল জেলায় নিজ সার্ভিস রাইফেলের গুলিতে হাবিলদার রাজপাল সিং নামে সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়েছেন। বিহারের কানপুরের বাসিন্দা রাজপাল ২৪ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২