কাশ্মিরে গেরিলা হামলায় কর্মকর্তাসহ ২ সিআরপিএফ জওয়ান নিহত
https://parstoday.ir/bn/news/india-i60033-কাশ্মিরে_গেরিলা_হামলায়_কর্মকর্তাসহ_২_সিআরপিএফ_জওয়ান_নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক কর্মকর্তাসহ দুই জওয়ান নিহত এবং এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।    
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১৩, ২০১৮ ১৪:১৫ Asia/Dhaka
  • কাশ্মিরে গেরিলা হামলায় কর্মকর্তাসহ ২ সিআরপিএফ জওয়ান নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক কর্মকর্তাসহ দুই জওয়ান নিহত এবং এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।    

কর্মকর্তা সূত্রে প্রকাশ, আজ (শুক্রবার) অনন্তনাগ জেলায় আচাবল চকে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকা সিআরপিএফ জওয়ানদের ওপর অজ্ঞাত গেরিলারা গুলিবর্ষণ করলে তিনজন আহত হন। এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।

আজ আহতদের দ্রুত আচাবল হাসপাতালে নিয়ে যাওয়া হলে এদের মধ্যে প্রথমে সহকারী উপ-পরিদর্শক এম এল মীনা মারা যান। সিআরপিএফের অন্য দুই জওয়ানকে আর্মি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু পথেই সন্দীপ সিং যাদব নামে আরো অন্য জওয়ান মারা যান।    

লস্কর-ই তাইয়্যেবা গেরিলা গোষ্ঠীর পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি দেয়া হয়েছে। 

সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারী গেরিলাদের সন্ধানে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

আজ অনন্তনাগের পাশাপাশি কুলগামেও গেরিলা হামলা হয়। এখানে ইয়ারিপোরা পুলিশ স্টেশনকে টার্গেট করে গুলিবর্ষণ করা হয়। পুলিশের পক্ষ থেকে পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়া হয়েছে। ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, চলতি ২০১৮ সালে এ পর্যন্ত গেরিলা হামলায় ৪৩ নিরাপত্তা কর্মী ও ৪১ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ সকল হামলায় ১০৭ গেরিলাও নিহত হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর