কাশ্মিরে গেরিলা হত্যার প্রতিবাদে কুলগামে সর্বাত্মক বনধ পালিত
https://parstoday.ir/bn/news/india-i60284-কাশ্মিরে_গেরিলা_হত্যার_প্রতিবাদে_কুলগামে_সর্বাত্মক_বনধ_পালিত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গেরিলা হত্যার প্রতিবাদে কুলগামে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ (সোমবার) দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলায় দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০১৮ ১৫:৪৩ Asia/Dhaka
  • মুদাসসিরের জানাজা অনুষ্ঠান
    মুদাসসিরের জানাজা অনুষ্ঠান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গেরিলা হত্যার প্রতিবাদে কুলগামে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ (সোমবার) দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলায় দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

গতকাল (রোববার) নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ বনধ পালিত হয়েছে।

আজ বনধকে কেন্দ্র করে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

গতকাল কুলগামের রেদওয়ানি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মুদাসসির আহমদ, সুহাইল আহমদ দার ও আবু মুয়াইয়া নামে তিন গেরিলা নিহত হয়। মুদাসসির ও সুহাইল কাশ্মিরের বাসিন্দা হলেও মুয়াইয়া পাকিস্তানি নাগরিক। গতকাল গভীর রাতে তাকে বারামুল্লার একটি কবরস্থানে দাফন করা হয়।

জম্মু-কাশ্মিরের সোপিয়ানে সেনাবাহিনী

অন্যদিকে, মুদাসসিরের জানাজায় প্রচুরসংখ্যক মানুষজন উপস্থিত ছিলেন। এসময় কয়েকজন গেরিলা তার জানাজায় উপস্থিত হয়ে তাকে গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানায়।

এদিকে, আজ উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলায় লোলাব বনভূমি এলাকায় যৌথবাহিনী গেরিলাদের সন্ধানে তল্লাশি চালিয়েছে। সংশ্লিষ্ট এলাকায় সন্দেহভাজন গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে তাদের খোঁজে সেখানে গত দু’দিন ধরে ৪১ রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছে।

অন্যদিকে, আজ উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলায় কুলহামা গ্রামে সন্দেহভাজন গেরিলাদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী ও স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালিয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩