ভয়াবহ আগুনে ভস্মীভূত কোলকাতায় বাগরি মার্কেট, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
https://parstoday.ir/bn/news/india-i64325-ভয়াবহ_আগুনে_ভস্মীভূত_কোলকাতায়_বাগরি_মার্কেট_ব্যাপক_ক্ষয়ক্ষতির_আশঙ্কা
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ভয়াবহ আগুনে বাগরি মার্কেট ভস্মীভূত হওয়ায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১০:০৩ Asia/Dhaka
  • ভয়াবহ আগুনে ভস্মীভূত কোলকাতায় বাগরি মার্কেট, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ভয়াবহ আগুনে বাগরি মার্কেট ভস্মীভূত হওয়ায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গতকাল (শনিবার) দিবাগত রাত আড়াইটে নাগাদ মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটের ছ’তলা বাড়িতে আগুন লাগে। দমকল এবং পুলিশ প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন ধরেছে বলে মনে করছে।

আজ (রোববার) বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনীর ৩৫টি ইঞ্জিন। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোলকাতার মেয়র ও দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় আগুন নেভানোর বিষয়ে তদারকি করছেন।

দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেন, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।’  

তিনি বলেন, ‘ঘিঞ্জি রাস্তা হওয়ায় সেখানে দমকলের ল্যাডার লাগানো যাচ্ছে না। মার্কেটটি দাহ্যপদার্থে ভর্তি থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। বাগরি মার্কেটকে আগেই নোটিশ দিয়ে সাম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছিল।’

তৃণমূল এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘ব্যবসায়ীদের নিজেদেরও কিছুটা ভূমিকা পালন করা উচিত। কারণ, এটা তাদের সম্পদ। এখান থেকে তাদের রুটিরুজির ব্যবস্থা হয়। তারা অগ্নিনির্বাপন ব্যবস্থা সম্পর্কে সচেতন থাকলে এমন দুর্ঘটনা হয় না।’#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬