মার্কিন হুমকি সত্ত্বেও এস-৪০০ চুক্তি সই করল ভারত ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/india-i64801-মার্কিন_হুমকি_সত্ত্বেও_এস_৪০০_চুক্তি_সই_করল_ভারত_ও_রাশিয়া
মার্কিন হুমকি অগ্রাহ্য করে ভারত ও রাশিয়ার মধ্যে বহুল আলোচিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সংক্রান্ত চুক্তি সই হয়েছে। আজ (শুক্রবার) নয়াদিল্লিতে প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ওই চুক্তি সই হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৫, ২০১৮ ১৬:২৯ Asia/Dhaka
  • পুতিন ও মোদির উপস্থিতিতে ৮টি চুক্তি স্বাক্ষর
    পুতিন ও মোদির উপস্থিতিতে ৮টি চুক্তি স্বাক্ষর

মার্কিন হুমকি অগ্রাহ্য করে ভারত ও রাশিয়ার মধ্যে বহুল আলোচিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সংক্রান্ত চুক্তি সই হয়েছে। আজ (শুক্রবার) নয়াদিল্লিতে প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ওই চুক্তি সই হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯তম বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় দুই দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছান তিনি।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি সংক্রান্ত চুক্তি ছাড়াও পুতিন দুদেশের মধ্যে আজ প্রাকৃতিক সম্পদ, সৌরশক্তি, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৮টি চুক্তি সই হয়েছে।

নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন।

ভারতের রুশ ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি ব্যবহার নিয়ে তীব্র আপত্তি রয়েছে আমেরিকার। গত আগস্টেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনলে নয়াদিল্লিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা

শেষমেশ মার্কিন হুমকি অগ্রাহ্য করে ভারত ও রাশিয়ার মধ্যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চুক্তি সই হওয়ায় মার্কিন প্রতিক্রিয়া কী হয় সেটিই এখন লক্ষণীয়।

কিন্তু ভারতের হাতে রাশিয়ার ওই প্রযুক্তি চলে এলে ভারতের প্রতিরক্ষাব্যবস্থা নিশ্চিতভাবেই বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে তাতে কোনো সংশয় নেই বলে বিশ্লেষকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫