রাফায়েল চুক্তির নথি দিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ
-
ভারতের সুপ্রিম কোর্ট
ফ্রান্সের সঙ্গে সই হওয়া রাফায়েল যুদ্ধবিমান চুক্তির সমস্ত নথি সরবরাহ করতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট।
আজ (বুধবার) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির সমন্বিত বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে কীভাবে, কোন পরিস্থিতিতে রাফায়েল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তার বিস্তারিত তথ্য মুখ বন্ধ করা খামে আগামী ২৯ অক্টোবরের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে।
আদালত অবশ্য কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে কোনো নোটিশ জারি করেনি। আগামী ৩১ অক্টোবর ওই মামলার পরবর্তী শুনানি হবে।
ফ্রান্স ও ভারতের মধ্যে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন এম এল শর্মা নামে এক ব্যক্তি। তার দাবি, ৩৬ টি যুদ্ধবিমান কিনতে মোট ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে।
সরকারপক্ষের দাবি, ওই মামলা রাজনৈতিকভাবে প্রভাবিত। আদালতে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল তার সাফাইতে বলেন, ‘ওই চুক্তির সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িত। আসন্ন লোকসভা নির্বাচনের আগে শীর্ষ আদালতকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতেই এই মামলা করা হয়েছে।’
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক আজ (বুধবার) রেডিও তেহরানকে বলেন, ‘সুপ্রিম কোর্ট যথাযথ নির্দেশ দিয়েছে। কিন্তু শুধু নির্দেশ দিলেই হবে না, যাতে রাফায়েল দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি হয়, তাও সুনিশ্চিত করা জরুরি। অন্যথায় দেশের মানুষের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকবে না।’#
পার্সটুডে/এমএএইচ/এআর/১০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন