কাশ্মিরে বেসামরিক ব্যক্তি নিহতের জেরে সর্বাত্মক বনধ পালিত, ১৪৪ ধারা জারি
https://parstoday.ir/bn/news/india-i65225-কাশ্মিরে_বেসামরিক_ব্যক্তি_নিহতের_জেরে_সর্বাত্মক_বনধ_পালিত_১৪৪_ধারা_জারি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির রাজ্যের কাশ্মির উপত্যকা জুড়ে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। গতকাল (রোববার) দক্ষিণ কাশ্মিরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষের মধ্যে বেসামরিক মানুষজন নিহত হওয়ার প্রতিবাদে আজ (সোমবার) বনধ পালন করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৮ ১১:৫৫ Asia/Dhaka
  • কাশ্মিরে বেসামরিক ব্যক্তি নিহতের জেরে সর্বাত্মক বনধ পালিত, ১৪৪ ধারা জারি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির রাজ্যের কাশ্মির উপত্যকা জুড়ে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। গতকাল (রোববার) দক্ষিণ কাশ্মিরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষের মধ্যে বেসামরিক মানুষজন নিহত হওয়ার প্রতিবাদে আজ (সোমবার) বনধ পালন করা হয়।

হুররিয়াত কনফারেন্সের প্রধান সাইয়্যেদ আলীশাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক ও মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্ব ওই বনধের ডাক দেয়।

আজ বনধের ফলে কাশ্মির উপত্যকার সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সড়কে যান চলাচল বন্ধ ছিল। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিরাপত্তাজনিত কারণে শ্রীনগর ও বানিহালের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গোলযোগপূর্ণ এলাকায় ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে।

কাশ্মিরে বনধ পালনের পরবর্তী দৃশ্য

সরকারি এক কর্মকর্তা বলেন, সমস্ত স্পর্শকাতর এলাকায় সহিংসতা এড়াতে নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।এছাড়া শ্রীনগরের রায়নাওয়াড়ি, নৌহাট্টা, সাফাকদল, খানইয়ার, এম আর গঞ্জ, ক্রালখুদ ও মৈসুমা থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসব এলাকায় প্রবেশের সমস্ত  সড়ক কাঁটাতার দিয়ে ‘সিল’ করে দেয়া হয়েছে। এছাড়া কুলগাম, অনন্তনাগ  ও সোপিয়ানেও ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে।

দক্ষিণ কাশ্মিরের লারো এলাকায় গতকাল (রোববার) নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়। এছাড়া সংঘর্ষস্থলে বিস্ফোরণ ও নিরাপত্তা বাহিনীর পেলেট গান ব্যবহার ও বুলেট নিক্ষেপে ৭ বেসামরিক ব্যক্তি নিহত এবং কমপক্ষে চল্লিশ বেসামরিক ব্যক্তি আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেখানকার মানুষজন তীব্র ক্ষোভে ফুঁসছেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২২