কাশ্মিরে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত বিজেপি নেতা ও তাঁর ভাই, কারফিউ জারি
https://parstoday.ir/bn/news/india-i65515-কাশ্মিরে_অজ্ঞাত_দুর্বৃত্তের_গুলিতে_নিহত_বিজেপি_নেতা_ও_তাঁর_ভাই_কারফিউ_জারি
জম্মু-কাশ্মিরে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রাজ্য বিজেপি সম্পাদক অনিল পারিহার(৫২) ও তাঁর ভাই অজিত পারিহার (৫৫) নিহত হয়েছেন। গতকাল রাতে কিশতওয়ারে দোকান থেকে বাড়ির ফেরার সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তাঁরা নিহত হন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
নভেম্বর ০২, ২০১৮ ১৫:৪৮ Asia/Dhaka
  • অনিল পারিহার
    অনিল পারিহার

জম্মু-কাশ্মিরে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রাজ্য বিজেপি সম্পাদক অনিল পারিহার(৫২) ও তাঁর ভাই অজিত পারিহার (৫৫) নিহত হয়েছেন। গতকাল রাতে কিশতওয়ারে দোকান থেকে বাড়ির ফেরার সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তাঁরা নিহত হন।

ওই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হলে প্রশাসনিক কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কারফিউ জারি করেছে।

আজ কারফিউ কার্যকর থাকায় উচ্চমাধ্যমিক পার্ট-১ পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। কিশতওয়ারে পাঁচটি কেন্দ্রে পরীক্ষা বাতিল করা হয়। অন্যদিকে, ভাদরওয়াতে পরীক্ষার রোল নম্বর সম্বলিত নথিকে কারফিউ পাশ হিসেবে গণ্য  হওয়ায় সেখানে পরীক্ষা কেন্দ্রে যেতে বিশেষ সমস্যায় পড়তে হয়নি পরীক্ষার্থীদের।

আজ (শুক্রবার) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে গোলযোগপূর্ণ এলাকায় ফ্ল্যাগমার্চ করা হয়। ডোডা জেলার পুলিশ প্রধান সাবির মালিক বলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোটা জেলায় ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোটা জেলায় ১৪৪ ধারা কার্যকর

অন্যদিকে, যাতে কোনো গুজব না ছড়ায় সেজন্য মোবাইলের ইন্টারনেট পরিসেবার গতি কমিয়ে দেয়া হয়েছে।

এদিকে, আজ জুমা নামাজের সময় কিশতওয়ার জামে মসজিদের ইমাম ফারুক কিচলু মুসলিমের উদ্দেশ্যে শোকগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করতে বিজেপি নেতা ও তাঁর ভাইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। কাশ্মির উপত্যকার মুসলিম সম্প্রদায়ের মধ্যেও নিহত ওই বিজেপি নেতার যথেষ্ট জনপ্রিয়তা ছিল।

ওই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন বিজেপির সর্বভারতীয়  সম্পাদক অমিত শাহ, স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, কংগ্রেস নেতা গুলাম আহমদ মীর,  সিপিএম নেতা ও বিধায়ক মুহাম্মদ ইউসুফ তারিগামি প্রমুখ নেতৃবৃন্দ।

জম্মু পুলিশের আইজি এস ডি সিং জামওয়াল বলেন, ওই ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এজন্য বিশেষ তদন্ত টিম গড়া হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২