কাশ্মিরে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/india-i65647-কাশ্মিরে_তল্লাশি_অভিযানকে_কেন্দ্র_করে_নিরাপত্তা_বাহিনী_ও_জনতার_মধ্যে_ব্যাপক_সংঘর্ষ
জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় ঘেরাও ও তল্লাশি অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদী জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোরে দক্ষিণ কাশ্মিরের আরিহাল এলাকায় ওই সংঘর্ষ হয়।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
নভেম্বর ০৮, ২০১৮ ১১:২২ Asia/Dhaka
  • কাশ্মিরে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ

জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় ঘেরাও ও তল্লাশি অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদী জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোরে দক্ষিণ কাশ্মিরের আরিহাল এলাকায় ওই সংঘর্ষ হয়।

আরিহালে অজ্ঞাত গেরিলাদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য সমন্বিত যৌথবাহিনী ওই এলাকায় ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। এসময় সংশ্লিষ্ট এলাকার প্রতিবাদী তরুণরা যৌথবাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে তল্লাশি অভিযানে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ ভোর সাড়েপাঁচটা নাগাদ আরিহাল এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানতে পেরে সেখানে সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়।

অন্যদিকে, গতকাল (বুধবার) সন্ধ্যায় উত্তর কাশ্মিরের সোপোরের হারওয়ানের বনভূমি এলাকায় অজ্ঞাত গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনীর ২২ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযান চালায়। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দু’বার সেখানে তল্লাশি অভিযান চালানো হল।

সোপোরের সিনিয়র পুলিশ সুপার জাভেদ ইকবাল বলেন, ওই এলাকায় কতিপয় সন্ত্রাসীর উপস্থিতির কথা জানতে পেরে সেখানে যৌথভাবে অভিযান চালানো হয়।

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৮