কাশ্মিরে ৪ গেরিলা নিহত: প্রতিবাদে সোপিয়ানে সর্বাত্মক বনধ পালিত
-
স্বজনদের আহাজারি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হওয়ার প্রতিবাদে সোপিয়ানে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার নাদিগামে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে 'বন্দুকযুদ্ধে' স্থানীয় চার গেরিলা হন। ওই ঘটনার প্রতিবাদে আজ (বুধবার) সর্বাত্মক বনধ পালিত হয়েছে।
আজ বনধের ফলে সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সড়কে বিক্ষিপ্তভাবে যান চলাচল করছে।
সোপিয়ান জেলার নাদিগামে গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে গতকাল (মঙ্গলবার) ভোরে সেনাবাহিনী, প্যারা-কমান্ডো ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য সমন্বিত যৌথ বাহিনী সেখানে তল্লাশি অভিযান চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে হিজবুল মুজাহিদীনের চার গেরিলা ও বিজয় নামে সেনাবাহিনীর এক প্যারা-কমান্ডো নিহত হন।
যৌথবাহিনীর অভিযানে চার গেরিলা নিহত হওয়ার প্রতিবাদে তরুণরা নাদিগাম ও সন্নিহিত এলাকায় সড়কে নেমে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল, পেলেট গান ব্যবহার ও গুলিবর্ষণ করলে দুই তরুণীসহ কমপক্ষে দশজন আহত হন। এদের মধ্যে শাহিল ফারুক নামে এক তরুণ এবং মীনা ও রাফিয়া নামে দুই তরুণী গুলিবিদ্ধ হলে তাদেরকে প্রথমে সোপিয়ান জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগর হাসপাতালে পাঠানো হয়। একইভাবে পুলওয়ামা জেলার মুরানচক ও রাজপোরা এলাকাতেও জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২১
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন