জম্মু-কাশ্মিরে সংঘর্ষে সেনা-গেরিলাসহ নিহত ৩
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা ও সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। ওই ঘটনায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের দুই জওয়ান আহত হয়েছে।
আজ (মঙ্গলবার) ভোরে দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলার রেদওয়ানি এলাকায় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ওই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, প্রকাশ যাদব নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। বন্দুকযুদ্ধে আহত ওই সেনা সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।
কর্মকর্তা সূত্রে প্রকাশ, বন্দুকযুদ্ধে সিআরপিএফের উপ-পরিদর্শক অমিত কুমার এবং কনস্টেবল অবনিশ আহত হয়েছেন। রেদওয়ানি এলাকায় অজ্ঞাত গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য সমন্বিত যৌথবাহিনী গত মধ্যরাতে অভিযান চালায়। এসময় লুকিয়ে থাকা গেরিলারা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে যৌথবাহিনী পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিলে উভয়পক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় তরুণরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শনসহ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। নিরাপত্তা বাহিনী মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পেলেটগান ব্যবহারের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বেশকিছু প্রতিবাদী তরুণ আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন