মৌসম নূরের দলত্যাগে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না: আমজাদ আলী
https://parstoday.ir/bn/news/india-i67692-মৌসম_নূরের_দলত্যাগে_কংগ্রেসের_কোনো_ক্ষতি_হবে_না_আমজাদ_আলী
ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর এমপি দলত্যাগ করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলে যোগ দিয়েছেন। গতকাল (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করার পরে তাঁর তৃণমূলে যোগ দেয়ার কথা ঘোষণা করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি উত্তর মালদহ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৯ ১১:৪৭ Asia/Dhaka
  • মৌসম বেনজির নূর এমপি - সরদার আমজাদ আলী
    মৌসম বেনজির নূর এমপি - সরদার আমজাদ আলী

ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর এমপি দলত্যাগ করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলে যোগ দিয়েছেন। গতকাল (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করার পরে তাঁর তৃণমূলে যোগ দেয়ার কথা ঘোষণা করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি উত্তর মালদহ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মৌসমকে ধন্যবাদ। আমরা সঙ্ঘবদ্ধভাবে লড়াই করব। বিজেপি যাক, এটাই চাই। কে আসবে না আসবে, ভোটের পরে ঠিক হবে।’

মৌসম বেনজির নূর বলেছেন, ‘আমি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট চেয়েছিলাম। তৃণমূল এবং কংগ্রেস যদি আলাদাভাবে লড়ে তাহলে বিজেপিকে মদদ করা হবে। সেজন্য আমার একার সিদ্ধান্তে নয়, আমার সঙ্গে প্রচুর কংগ্রেসের কর্মী আছেন যাদের মনে হয়েছে বিজেপিকে আটকানোর জন্য ‘দিদির হাত’ (মমতা) ধরতে হবে এবং দিদি প্রচুর কাজ করছেন।’

এ নিয়ে আজ (মঙ্গলবার) কংগ্রেসের সিনিয়র নেতা, সাবেক সংসদ সদস্য ও কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী রেডিও তেহরানকে বলেন, ‘মৌসম বেনজির নূরের দলত্যাগে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। মৌসম নূর তো কংগ্রেস পার্টি বা মৌসম নূর হিসেবে জয়ী হয়নি, গনি খান চৌধুরীর ভাগ্নি হিসেবে জিতেছিল। মালদহের মানুষ কংগ্রেসকে চেনে (মরহুম) বরকত গণি খান চৌধুরীর নামে। মালদহে কংগ্রেস ও বরকত গণি খান চৌধুরী প্রায় সমার্থক। মৌসম চলে গেছে, পার্টির সঙ্গে কোনো পরামর্শ না করে। পার্টি তাঁকে অনেক সম্মান ও মর্যাদা দিয়েছিল। কোনোদিন রাজনীতিতে যে ছিল না, তাঁকে প্রথম বিধায়ক, তারপরে তাঁকে লোকসভার সদস্য, তাঁকে যুব কংগ্রেসের সভাপতি, মালদহ জেলা কংগ্রেসের সভাপতি করা হয়েছিল। কংগ্রেস তাঁকে যে সম্মান ও মর্যাদা দিয়েছে, সেই মর্যাদার সঙ্গে সম্পূর্ণভাবে অমর্যাদাকর ব্যবহার এবং বলা যেতে পারে অশালীন ব্যবহার করেছে। সে কংগ্রেস ত্যাগ করে যখন চলে গেল তখন তাঁর উপরে কোনো অবিচার করা হয়েছে এমন কোনো বক্তব্য নেই। তাঁর অভিযোগ ছিল তৃণমূলের সঙ্গে তৃণমূলের সঙ্গে নির্বাচনি জোট কেনো করা হবে না? তৃণমূলের সঙ্গে জোট করা হবে কি, হবে না সেটা তো দল  ঠিক করবে।’

‘কংগ্রেস থেকে দল ভাঙিয়ে এভাবে কাউকে তৃণমূলে নিয়ে কোনো লাভ হবে না এবং উত্তর মালদহ কেন্দ্রে মৌসম বেনজির নূরের বিরুদ্ধে ঈশা খান চৌধুরী কংগ্রেসের প্রার্থী হবেন’ বলেও কংগ্রেসের সিনিয়র নেতা ও আইনজীবী সরদার আমজাদ আলী জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন