নাগরিকত্ব বিল পাসে মতুয়াদের কোনওই সুবিধা হবে না: মমতা ঠাকুর
https://parstoday.ir/bn/news/india-i67734-নাগরিকত্ব_বিল_পাসে_মতুয়াদের_কোনওই_সুবিধা_হবে_না_মমতা_ঠাকুর
ভারতের মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর এমপি কেন্দ্রীয় সরকারের আনা নাগরিকত্ব (সংশোধনী) বিলের সমালোচনা করে বলেছেন, নাগরিকত্ব (সংশোধনী) বিল পাস হলে মতুয়াদের বা ওপার বাংলা থেকে আসা মানুষদের কোনোই সুবিধা হবে না। বরং তাঁরা আরও বিপদে পড়বেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৯ ১৬:১৭ Asia/Dhaka

ভারতের মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর এমপি কেন্দ্রীয় সরকারের আনা নাগরিকত্ব (সংশোধনী) বিলের সমালোচনা করে বলেছেন, নাগরিকত্ব (সংশোধনী) বিল পাস হলে মতুয়াদের বা ওপার বাংলা থেকে আসা মানুষদের কোনোই সুবিধা হবে না। বরং তাঁরা আরও বিপদে পড়বেন।

তিনি আজ (বুধবার) উত্তর ২৪ পরগণা জেলার গোবরডাঙায় গাইঘাটা বিধানসভা এলাকার তৃণমূলের তপসিলি জাতি, তপসিলি উপজাতি  ও অন্যান্য অনগ্রসর শ্রেণির এক সভায় ওই মন্তব্য করেন। 

মমতা ঠাকুর বলেন, ‘দেশভাগের বলি হয়ে ওপার বাংলা থেকে সবচেয়ে বেশি মানুষ উত্তর ২৪ পরগণা ও নদিয়া জেলায় এসেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেভাবে নাগরিকত্ব বিল পাস করা হয়েছে তা এতটাই ভয়াবহ যে আপনারা তা ভাবতে পারবেন না!’

ভারতের মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর

আগামী ২ ফেব্রুয়ারি ঠাকুরনগরের মতুয়াধাম ঠাকুরবাড়িতে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সভা প্রসঙ্গে মমতা ঠাকুর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘মতুয়াদের জন্য ও সভার কথা বলা হলেও এটা প্রকৃতপক্ষে মতুয়াদের নিয়ে নয়। মতুয়া ব্যানারে ওই সভা হলেও সেখানে বিজেপির লোকেরাই বেশি সহযোগিতা করছে। মতুয়াদের সঙ্গে কথা বিভিন্ন জায়গায় বলে দেখেছি,  তাঁরা বলছেন, প্রধানমন্ত্রী এলেও আমাদের তাতে কী ভূমিকা থাকতে পারে, আমাদের উনি যে ক্ষতি করেছেন সেজন্য কী করবেন? প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মতুয়াদের মধ্যে কোনওই উৎসাহ নেই।’

মমতা ঠাকুর এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী ঠাকুরনগরে আসছেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে বিল উনি সংসদে এনেছেন তা ঠিক নয়। ২০১৪ সালে উনি বলেছিলেন, আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি নিঃস্বার্থভাবে নাগরিকত্ব বিল পাস করবো। কিন্তু যে নাগরিকত্ব বিল শেষ মুহূর্তে লোকসভায় পাস করা হয়েছে তা শুধু আমাদের মতুয়া সমাজের মানুষই নয়, ওপার বাংলা থেকে আসা মানুষদের জন্যও প্রচণ্ডভাবে ক্ষতি। একে মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমরা পরবর্তীতে এ নিয়ে স্মারকলিপি দেবো। এখানে আমরা একটা নীরব প্রতিবাদ জানানোর চেষ্টা করব, যাতে উনি বুঝতে পারেন মতুয়া সমাজ শুধু নয়, যারাই ওপার বাংলা থেকে এখানে এসেছেন তাঁদের ওই বিলে কোনো সমর্থন নেই।’

বুলি দত্তের আহ্বানে গোবরডাঙায় অনুষ্ঠিত গাইঘাটা কেন্দ্রের তৃণমূলের  এসসি, এসটি ওবিসি সেলের ওই সভায় মমতা ঠাকুরের পাশপাশি সংগঠনের রাজ্য সভাপতি ও সংসদ সদস্য সুনীল কুমার মন্ডল, গাইঘাটার বিধায়ক  পুলিন বিহারী রায়, বনগাঁ দক্ষিণের বিধায়ক সুরজিৎ বিশ্বাস, গোবরডাঙা পৌরসভার পৌরপ্রধান সুভাষ দত্ত প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন গোবরডাঙ্গা পৌর উন্নয়ন কমিটির চেয়ারম্যান শঙ্কর দত্ত।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩০