মোদিকে কালো পতাকা দেখানোর আহ্বান মতুয়াদের, তৃণমূলের ধিক্কার মিছিল
https://parstoday.ir/bn/news/india-i67788-মোদিকে_কালো_পতাকা_দেখানোর_আহ্বান_মতুয়াদের_তৃণমূলের_ধিক্কার_মিছিল
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে মতুয়াদের পীঠস্থান ঠাকুরবাড়িতে প্রধানমন্ত্রীর সফরের আগেই তৃণমূলের পক্ষ থেকে ঠাকুরনগরে ধিক্কার মিছিল করা হয়েছে। আগামীকাল (শনিবার) ঠাকুরনগরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৯ ২০:০৮ Asia/Dhaka
  • তৃণমূলের ধিক্কার মিছিল
    তৃণমূলের ধিক্কার মিছিল

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে মতুয়াদের পীঠস্থান ঠাকুরবাড়িতে প্রধানমন্ত্রীর সফরের আগেই তৃণমূলের পক্ষ থেকে ঠাকুরনগরে ধিক্কার মিছিল করা হয়েছে। আগামীকাল (শনিবার) ঠাকুরনগরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ (শুক্রবার) বিকেলে ওই সফরের প্রতিবাদে তৃণমূলের সংসদ সদস্যা ও মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুরের নেতৃত্বে ঠাকুরনগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।

এদিনের মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার ডাক দেয়া-সহ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানানো হয়। ‘লড়াই লড়াই লড়াই চাই’, ‘সাম্প্রদায়িক বিজেপি পশ্চিমবাংলা থেকে দূর হটো’, ‘ভারত থেকে দূর হটো’ প্রভৃতি স্লোগানে সোচ্চার হন মিছিলে অংশ নেয়া কয়েক হাজার মানুষ। ক্ষুব্ধ মানুষজন ‘বিজেপির স্বৈরাচারী সরকার, আর নেই দরকার’, ব্যাংক অ্যাকাউন্টে পনের লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল?’ প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

ঠাকুরনগর থেকে এদিন ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর পক্ষ থেকে প্রচারপত্র বিলি করে ‘নাগরিকত্ব নিয়ে মতুয়া ও সমগ্র বাঙালি উদ্বাস্তু সমাজের সাথে ধোঁকাবাজি ও বিশ্বাসঘাতকতা করার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কালো পতাকা দেখিয়ে ধিক্কার জানানোর আহ্বান জানানো হয়েছে।

মতুয়া মহাসঙ্ঘের প্রচারিত ওই প্রচারপত্রে বলা হয়েছে, ‘২০১৪ সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নরেন্দ্র মোদি বারাসাতের কাছারি ময়দানে এবং নদিয়ার কৃষ্ণনগরের জনসভায় ঘোষণা করেছিলেন যে, তিনি ক্ষমতা পেলে মতুয়া ও সমগ্র উদ্বাস্তুকে নিঃশর্ত নাগরিকত্ব দেবেন। এখন তাঁর প্রধানমন্ত্রীত্বের মেয়াদকাল শেষ হতে মাত্র একশ’ দিন বাকি। কিন্তু উদ্বাস্তুদের কোনও সমস্যা মেটেনি বরং সমস্যা বেড়েছে! অসমে বাঙালি উদ্বাস্তুদের রাতের ঘুম চলে গেছে, তারা আতঙ্কের মধ্যে বসবাস করছেন, তাঁদের খুন করা হচ্ছে।’

প্রচারপত্রে আরও বলা হয়েছে, ‘দেশে আবারও লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে, আর তাই নরেন্দ্র মোদি এবার আসছেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। তাঁর লক্ষ্য ও উদ্দেশ্য হলো আবার মিথ্যা প্রতিশ্রুতি বিলিয়ে সরলপ্রাণ মতুয়াদের বিভ্রান্ত করে ধোঁকা দেওয়া। আসলে নরেন্দ্র মোদির ঠাকুরবাড়িতে আসা প্রধানমন্ত্রী হিসেবে নয়,  তিনি আসছেন বিজেপি নেতা হিসাবে,  নির্বাচনী প্রচারের জন্য!’

‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’-এর প্রচারপত্রে নরেন্দ্র মোদির ‘মিথ্যা’ ভাষণে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন