কাশ্মির সমস্যার সমাধানের দাবিতে পশ্চিমবঙ্গে বামেদের মিছিল
-
কাশ্মির সমস্যার সমাধানে বামেদের মিছিল
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সমস্যার রাজনৈতিক সমাধানের দাবিতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে বৃহত্তর বাম ঐক্যের পক্ষ থেকে মিছিল করা হয়েছে। গতকাল (সোমবার) জলপাইগুড়ির ডিবিসি রোডের সিপিএম জেলা দফতর থেকে মিছিল শুরু হয়ে শহর ঘুরে দলীয় জেলা দফতরে শেষ হয়।
মিছিলে কাশ্মির সমস্যার রাজনৈতিক সমাধান, সন্ত্রাসের মোকাবিলায় এক হওয়া এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জোট বাঁধার দাবি জানানো হয়।
সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য বলেন, ‘কাশ্মির সমস্যার রাজনৈতিক সমাধান চাই। দেশের মানুষ যখন সেনা জওয়ানদের মৃত্যুতে শোকাহত তখন বিজেপি তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’ মানুষের ঐক্য তৈরি করে বিভেদের রাজনীতি বন্ধ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। সিপিএম নেতা সলিল আচার্য, জিয়াউল আলম, বরুণ সরকার, সুভাষ দত্ত প্রমুখের নেতৃত্বে বৃহত্তর বাম ঐক্যের ওই মিছিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, গতকাল ভারতের রাজধানী দিল্লিতে ৫টি বামপন্থি ছাত্র সংগঠন এসএফআই, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ এবং ডিএসও’ শিক্ষা, গণতন্ত্র, দেশ রক্ষার দাবিতে মিছিল ও সমাবেশ করে।
ওই সমাবেশে বামপন্থি নেতা ও দিল্লির জহরলাল নেহরু ছাত্র সংসদের সাবেক সভাপতি কানহাইয়া কুমার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপের তীব্র সমালোচনা করেন।
কাশ্মিরে সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে কানহাইয়া কুমার বলেন, ‘জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসবাদী হামালার ঘটনাকে সামনে রেখে দেশজুড়ে বিদ্বেষের পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র চালানো হচ্ছে। এর বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’
হিন্দুত্ববাদী আরএসএস ও বিজেপি’র তীব্র সমালোচনা করে কানহাইয়া কুমার বলেন, ‘স্বাধীনতা আন্দোলন কিংবা দেশের হয়ে আত্মত্যাগের কোনো ইতিহাস যাদের নেই, তারাই আজ দেশপ্রেমের বুলি আওড়াচ্ছেন! জওয়ানদের মৃত্যুর ঘটনা নিয়ে ভোটের রাজনীতি করেছে উগ্র হিন্দুত্ববাদী শক্তি। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সংবিধানে দেশের সমস্ত অংশের মানুষকে সমান অধিকার দেয়ার কথা বলা হলেও বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের অধিকাংশ মানুষকে বঞ্চিত করে কেবলমাত্র আম্বানি, আদানিসহ বড় বড় শিল্পপতি, ধনী পরিবারের স্বার্থ রক্ষা করে চলেছে বলেও কানহাইয়া কুমার মন্তব্য করেন।
সমাবেশে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘এই সরকার দুই কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু সরকারের মেয়াদ শেষ হতে চললেও সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। ছাত্রসহ দেশের সব অংশের মানুষকে ধাপ্পা দেয়া হয়েছে। মিথ্যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে এই সরকারের আমলে। মোদি সরকারের নীতির ফলে শিক্ষার বিভিন্ন ক্ষেত্র মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে বলেও এসএফআই নেতা ময়ূখ বিশ্বাস মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন