কাশ্মিরিদের ওপর হামলা বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের: স্বাগত জানালেন ওমর
https://parstoday.ir/bn/news/india-i68305-কাশ্মিরিদের_ওপর_হামলা_বন্ধের_নির্দেশ_সুপ্রিম_কোর্টের_স্বাগত_জানালেন_ওমর
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার ঘটনার জেরে দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মিরিদের ওপরে যে হামলা হচ্ছে তা বন্ধের জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ১৩:৫৩ Asia/Dhaka
  • কাশ্মিরের সন্ত্রাসী হামলার ঘটনায় সেখানকার মানুষের ওপর অত্যাচার বন্ধের নির্দেশ
    কাশ্মিরের সন্ত্রাসী হামলার ঘটনায় সেখানকার মানুষের ওপর অত্যাচার বন্ধের নির্দেশ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার ঘটনার জেরে দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মিরিদের ওপরে যে হামলা হচ্ছে তা বন্ধের জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ সুপ্রিম কোর্টের ওই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘সুপ্রিম কোর্ট সেটাই করে দেখাল যা আসলে করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। এই নির্দেশ দেয়ার জন্য আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ।’

আজ (শুক্রবার) সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি জম্মু-কাশ্মির, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তিসগড়, পঞ্জাব ও মহারাষ্ট্র সরকারকে দেয়া নির্দেশে হামলার পাশাপাশি কাশ্মিরিরা যাতে সামাজিক বয়কট বা হেনস্থার শিকার না হন সেই বিষয়টি নিশ্চিত করতে বলেছে।

ওই ইস্যুতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এল এন রাও ও বিচারপতি সঞ্জীব খান্নার সমন্বিত বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকারকে নোটিস দিয়েছে। ২৭ ফেব্রুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি হবে।

ভারতের সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চের অন্যতম বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন,  ‘কাশ্মিরি এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর কোনও হামলার ঘটনার খবর পেলেই মুখ্যসচিব, পুলিশের মহানির্দেশক ও দিল্লির পুলিশ কমিশনারকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে।’

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কাশ্মিরিদের নিরাপত্তা দেয়ার জন্য কিছু নোডাল কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে। এর পাশাপাশি ওই নোডাল কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করার কথা বলা হয়েছে, যাতে প্রয়োজন হলেই কাশ্মিরিরা  তাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা চাইতে পারেন।

পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পরে দেরাদুন, ভোপাল, আম্বালাসহ বিভিন্ন স্থানে কাশ্মিরি ছাত্ররা নিগ্রহ ও হেনস্থার শিকার হয়েছেন। কোনো কোনো রাজ্যে কাশ্মিরি ব্যবসায়ীরাও আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এসব ঘটনার প্রেক্ষিতে আইনজীবী তারিক আদিব সুপ্রিম কোর্টে আবেদন করে জরুরি ভিত্তিতে শুনানি দাবি করেছিলেন। এরপরেই সুপ্রিম কোর্ট আজ ওই রায় দিয়েছে।

পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ আজ (শুক্রবার) রেডিও তেহরানকে বলেন, ‘সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। একটা যথাযথ রায় দিয়েছে মহামান্য আদালত। কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব পালন করার কথা ছিল, কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, সেজন্যই সুপ্রিম কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছে। গোটা দেশের বিভিন্ন রাজ্যে মানুষের নিরাপত্তা দিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে। সম্প্রতি কাশ্মিরে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ ও কাশ্মিরিদের ওপরে যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ করতে হবে।’#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২২