ভারতে রমজান মাসে ও জুমাবারে নির্বাচন না করার দাবি সংখ্যালঘু কাউন্সিলের
-
(ডানে) মুহাম্মদ কামরুজ্জামান
ভারতে আসন্ন লোকসভা নির্বাচন যাতে রমজান মাস ও জুমাবারে অনুষ্ঠিত না হয় সেজন্য ‘সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল’-এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।
আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতরে সংগঠনটির পক্ষ থেকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করা হয়।
ভারতে খুব শিগগিরি লোকসভা নির্বাচনের তপসিল ঘোষণা হতে চলেছে। তার আগেই সংখ্যালঘু কাউন্সিলের পক্ষ রমজান মাসে ও জুমাবারে নির্বাচনের দিন না রাখার আবেদন জানানো হল।
মঙ্গলবার সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান ও সহ-সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসানের নেতৃত্বে এক প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতরে স্মারকলিপি প্রদান করেন।
পরে সংখ্যালঘু কাউন্সিলের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান এক বিবৃতিতে বলেন, ‘খুব শিগগিরি দেশের লোকসভা নির্বাচনের তপসিল ঘোষিত হবে। আগামী ৬ মে থেকে সম্ভাব্য রমজান মাস শুরু হবে এবং ঈদ-উল-ফিতর হবে ৫ জুন। আমরা চাই দেশের একটা বড় অংশের মানুষের দিকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচন কমিশন রমজান মাস ও জুমাবার (শুক্রবার) দিনটি বাদ দিয়ে নির্বাচনের তপসিল ঘোষণা করুন।’
রাজ্য মুখ্য নির্বাচনী কর্মকর্তার সচিব স্মারকলিপি গ্রহণ করেছেন এবং দ্রুত ওই স্মারকলিপি দেশের জাতীয় নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে পাঠিয়ে দেবেন বলেও মুহাম্মদ কামরুজ্জামান জানান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন