চলতি বছরের এ পর্যন্ত ৭ যুদ্ধবিমান হারিয়েছে ভারত
https://parstoday.ir/bn/news/india-i68695-চলতি_বছরের_এ_পর্যন্ত_৭_যুদ্ধবিমান_হারিয়েছে_ভারত
পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানে গতকাল ভারতের একটি মিগ-২১ বাইসন বিমান বিধ্বস্ত হয়েছে। বৈমানিক বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হন নি। ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ চলতি বছরের এ পর্যন্ত এ নিয়ে ৭টি বিমান হারালো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০১৯ ০৯:৩১ Asia/Dhaka
  • চলতি বছরের এ পর্যন্ত ৭ যুদ্ধবিমান হারিয়েছে ভারত

পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানে গতকাল ভারতের একটি মিগ-২১ বাইসন বিমান বিধ্বস্ত হয়েছে। বৈমানিক বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হন নি। ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ চলতি বছরের এ পর্যন্ত এ নিয়ে ৭টি বিমান হারালো।

কেবল ফেব্রুয়ারি মাসেই আইএএফ পাঁচ বিমান হারিয়েছে। ১ ফেব্রুয়ারি নিয়মমাফিক টহল দিতে যেয়ে বিধ্বস্ত হয় একটি মিরেজ ২০০০ বিমান। রাষ্ট্রীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বা এইচএএল প্রয়োজনীয় উন্নয়ন ঘটানোর পরই উড়তে যেয়ে বিধ্বস্ত হলো এটি। (নিচের ভিডিওটি ভারতীয় বিমান বাহিনীর। ১৪ নভেম্বর ২০১৭ সালে এটি আপলোড করা হয়।  স্কোয়াড্রন লিডার মিত কুমার যাকে ভিডিওর শুরুতেই দেখানো হয়েছে  ১৮ জুলাই ২০১৮তে  হিমাচল প্রদেশে মিগ-২১ বিধ্বস্ত হয়ে তিনি দুঃখজনক ভাবে প্রাণ হারান ।)

 

একই মাসের ১৯ তারিখে আইএএফের সূর্যকিরণ অ্যাক্রোবেটিক টিম বা বিমান কসরত দলের দুটি বিমান বিধ্বস্ত হয়। কসরত অনুশীলন কালে মাঝ আকাশে ঠোকাঠুকিতে এ দুই বিমান বিধ্বস্ত হয় এবং একজন বৈমানিক নিহত হন।

বিধ্বস্ত মিগের ফাইল ছবি

এদিকে, পাকিস্তানের বালাকোটে হামলার পরদিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি আকাশ যুদ্ধে বিধ্বস্ত হয় একটি মিগ-২১ বাইসন বিমান। অবশ্য, পাকিস্তান দুটি বিমান ধ্বংসের দাবি করেছিল এবং অপরটি ভারতীয় এলাকায় পড়েছে বলেও দাবি করা হয়েছিল।

মিগ-২১এর বৈমানিক উইং কমান্ডার অভিনন্দন বর্তমান নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হলেও পাকিস্তানের হাতে বন্দি হন। তাকে ৫৯ ঘণ্টা পরে মু্ক্তি দেয় পাকিস্তান। পাকিস্তান বলেছে, শুভেচ্ছা নিদর্শন স্বরূপ তাকে ছেড়ে দেয়া হয়েছে।

গোত্তা খাচ্ছে মিগ-২১

একই দিনে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি আইএএফের একটি এমআই-১৭ হেলিকপ্টার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বাদগামে বিধ্বস্ত হয়। এতে ছয় হতভাগ্য আরোহীর সবাই নিহত হয়েছিলেন। এদিকে এর একদিন পরে ভারতীয় বিমান  বাহিনীর একটি জাগুয়ার বিধ্বস্ত হয় উত্তর প্রদেশে। অবশ্য, জাগুয়ারের চালক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন।#

পার্সটুডে/মূসা রেজা/৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন