গরুর গোশত বিক্রির অভিযোগে অসমে মুসলিম বৃদ্ধকে নির্মমভাবে মারধর
https://parstoday.ir/bn/news/india-i69453-গরুর_গোশত_বিক্রির_অভিযোগে_অসমে_মুসলিম_বৃদ্ধকে_নির্মমভাবে_মারধর
ভারতের বিজেপিশাসিত অসমে গরুর গোশত বিক্রি করার অপরাধে অজ্ঞাত হামলাকারীরা এক মুসলিম বৃদ্ধকে নির্মমভাবে মারধর করেছে। শওকত আলী (৬৮) নামে ওই বৃদ্ধকে জোর করে শূকরের মাংস খাওয়ানোরও অভিযোগ উঠেছে। শওকত আলীর ভাই সাহাবুদ্দিনের অভিযোগ, শওকত আলীকে 'বাংলাদেশি' বলে দাবি করে  তাঁকে বেধড়ক মারধর করাসহ তাঁকে শূকরের মাংস খেতে বাধ্য করা হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০৯, ২০১৯ ১৫:৩০ Asia/Dhaka
  • শওকত আলীকে শূকরের মাংসও খাওয়ানোর অভিযোগ উঠেছে।
    শওকত আলীকে শূকরের মাংসও খাওয়ানোর অভিযোগ উঠেছে।

ভারতের বিজেপিশাসিত অসমে গরুর গোশত বিক্রি করার অপরাধে অজ্ঞাত হামলাকারীরা এক মুসলিম বৃদ্ধকে নির্মমভাবে মারধর করেছে। শওকত আলী (৬৮) নামে ওই বৃদ্ধকে জোর করে শূকরের মাংস খাওয়ানোরও অভিযোগ উঠেছে। শওকত আলীর ভাই সাহাবুদ্দিনের অভিযোগ, শওকত আলীকে 'বাংলাদেশি' বলে দাবি করে  তাঁকে বেধড়ক মারধর করাসহ তাঁকে শূকরের মাংস খেতে বাধ্য করা হয়।

গত রোববারের ওই ঘটনার ভিডিও চিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। বিষয়টি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে।

গণমাধ্যমে প্রকাশ, অসমের বিশ্বনাথ চারিয়ালি এলাকায় গরুর গোশত বিক্রির অপরাধে শওকত আলী নামে ওই বৃদ্ধকে রাস্তায় ফেলে অজ্ঞাত যুবকরা ব্যাপক মারধর করলে তিনি আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নির্মমভাবে মারধর করার ফলে তিনি প্রাণভিক্ষা চাইতে বাধ্য হয়েছেন। ওই বৃদ্ধকে হামলাকারী যুবকরা শূয়োরের মাংস খেতে বাধ্য করেছে বলেও অভিযোগ উঠেছে। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে পাঁচ যুবককে গ্রেফতার করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল (বুধবার) শান্তি বৈঠক ডাকা হয়েছে।

শওকত আলীকে মারধর করার সময় আক্রমণকারীরা তাঁকে ঘিরে ধরে জানতে চায়, শওকত কি বাংলাদেশ থেকে এসেছেন? তাঁর কাছে গরুর গোশত বিক্রির লাইসেন্স কি? এনআরসিতে তাঁর নাম আছে কিনা তাও জানতে চায় আক্রমণকারী যুবকরা।

আব্দুল মান্নান লস্কর

এ ব্যাপারে অসমের হাইলাকান্দির সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে বলেন, "অসমের এক হাজারের বছরের ইতিহাসে হিন্দু-মুসলিমদের মধ্যে শান্তি ও সম্প্রীতির ইতিহাস রয়েছে। এখানে হিন্দু ও মুসলিম গত এক হাজার বছর ধরে পাশাপাশি বাস করছে। ধর্মের ভিত্তিতে এখানে কোনও সহিংসতার প্রমাণ নেই। কিন্তু এই গত কয়েক বছর ধরে বিশেষকরে গত ২০১৪ সালে বিজেপি যখন কেন্দ্রীয় সরকারে এবং ২০১৬ সালে অসমে ক্ষমতায় আসল তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি হিন্দু-মুসলিম ইস্যুগুলোকে নিয়ে ঝামেলা করা হচ্ছে। এরই একটা অংশ হিসেবে একে আমরা দেখছি।" 

তিনি বলেন, "যেহেতু নির্বাচন আসছে এবং বিজেপির অবস্থা খারাপ হওয়ায় তারা চাচ্ছে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধিয়ে নির্বাচনি বৈতরণী পার হতে। এরই একটা অংশ হিসেবে বিশ্বনাথ চারিয়ালিতে শওকত আলীকে যেভাবে নির্মমভাবে মারধর করা হল গরুর গোশত বিক্রির অপরাধে, আমরা সেজন্য এর বিরুদ্ধে ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। এ ধরণের বিষয় যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। প্রশাসনের কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে পাকড়াও করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।’#

পার্সটুডে/এমএএইচ/এআর/৯