লোকসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ, ব্যালট পেপার ফেরানোর দাবি মমতার
https://parstoday.ir/bn/news/india-i70927-লোকসভা_নির্বাচনে_অনিয়মের_অভিযোগ_ব্যালট_পেপার_ফেরানোর_দাবি_মমতার
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোট যন্ত্রে (ইভিএম) কারচুপি হয়েছে বলে অভিযোগ করে আগামী নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৩, ২০১৯ ১৪:৪২ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোট যন্ত্রে (ইভিএম) কারচুপি হয়েছে বলে অভিযোগ করে আগামী নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ, ইভিএম কারচুপি হয়েছে। তিনি বলেন, ‘ইভিএম প্রোগ্রামিংয়ের মাধ্যমে সব করেছে বিজেপি। কৃত্রিম মেকানিজম। তাই এখন ভয় পাচ্ছে। তড়িঘড়ি আমাদের দলীয় কার্যালয়গুলো দখলের মতো কাজ চলছে। বাংলার সংস্কৃতি দ্রুত বদলে দেয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এখানে এসব করা সহজ নয়। আমরা প্রতিরোধ করব।’

তিনি বলেন, ‘২১ জুলাই একটা নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে আমরা আন্দোলন করেছিলাম, ‘নো আইকার্ড, নো ভোট’। এখন সময় বদলেছে। এ বছর আমরা ২১ জুলাইয়ে স্লোগান তুলব ‘গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও’। স্লোগান হবে ‘মেশিন চাই না, ব্যালট চাই।’

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ আজ (সোমবার) রেডিও তেহরানকে বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী যে দাবি তুলেছেন তা যথার্থ। মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করি। ব্যালট পেপারে নির্বাচন করার দাবি, গোটা দেশ জুড়ে সাধারণ মানুষ ও বিরোধীদলের নেতা-নেত্রীরা করছেন। যথার্থই এই দাবি। সম্প্রতি কর্ণাটকে নির্বাচনের ফলে তা প্রমাণ হয়েছে। সেখানে বিপুলভাবে কংগ্রেস জয়ী হয়েছে। সেজন্য ইভিএম কারচুপি রুখতে ব্যালট পেপারে ভোট হওয়া উচিত বলে আমরা মনে করি।’

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে কর্ণাটকে ২৮ আসনের মধ্যে বিজেপি ২৫ টিতে জিতেছিল। কিন্তু লোকসভা নির্বাচনের পরে সেখানে ব্যালটে পৌরসভা নির্বাচনে কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।