কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন: পাকিস্তানের প্রতি ভারত
https://parstoday.ir/bn/news/india-i72634-কূটনৈতিক_সম্পর্ক_ছিন্ন_করার_সিদ্ধান্ত_পুনর্বিবেচনা_করুন_পাকিস্তানের_প্রতি_ভারত
জম্মু ও কাশ্মির থেকে ৩৭০ ধারা অপসারণের প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করায় ভারত ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। আজ (বৃহস্পতিবার) নয়াদিল্লির পক্ষ থেকে কূটনৈতিকস্তরের সব পন্থা যাতে আগের মতোই থাকে সেজন্য পাকিস্তানকে সিদ্ধান্ত পর্যালোচনা এবং পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
আগস্ট ০৮, ২০১৯ ১২:৫০ Asia/Dhaka
  • কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন: পাকিস্তানের প্রতি ভারত

জম্মু ও কাশ্মির থেকে ৩৭০ ধারা অপসারণের প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করায় ভারত ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। আজ (বৃহস্পতিবার) নয়াদিল্লির পক্ষ থেকে কূটনৈতিকস্তরের সব পন্থা যাতে আগের মতোই থাকে সেজন্য পাকিস্তানকে সিদ্ধান্ত পর্যালোচনা এবং পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মিরের স্থায়ী বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে রাজ্যটির বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়ার পর থেকেই পাকিস্তান ওই সিদ্ধান্তকে বেআইনি বলে অভিহিত করে এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সেদেশের সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানসহ অন্য মন্ত্রীরা ভারতীয় পদক্ষেপেরকঠোর সমালোচনা করেছেন।

গতকাল (বুধবার) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পরে ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিস্কার করে ইমরান খান সরকার।

সংবিধানের ৩৭০ ধারা বাতিল করায় কাশ্মীর দ্বিখণ্ডিত হয়ে যায়

আজ (বৃহস্পতিবার) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে ‘ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পাকিস্তানের কিছু একতরফা সিদ্ধান্তের কথা বিভিন্ন রিপোর্টে জানতে পেরেছি। এরমধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনমনের কথাও বলা হয়েছে।’

ভারতের পক্ষ থেকে ইসলামাবাদকে বলা বয়েছে, ইমরান খানের নেতৃত্বাধীন সরকার এজন্য যে কারণগুলো দেখিয়েছে তা তথ্যনির্ভর নয়। ওই পদক্ষেপের অর্থ বিশ্বের কাছে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের সংকটজনক ছবি তুলে ধরা। জম্মু-কাশ্মির সম্পর্কিত সিদ্ধান্ত একেবারেই সেখানকার উন্নয়নের জন্য যা সংবিধানের এতদিনের অস্থায়ী সংস্থানের জন্য কার্যকর করা যাচ্ছিল না বলেও সাফাই দেয়া হয়েছে।

জম্মু-কাশ্মির নিয়ে পাকিস্তান নেতিবাচক মনোভাব পোষণ করে। ভারতের সংবিধান একেবারেই সার্বভৌম বিষয় এবং তেমনটাই থাকবে। এরমধ্যে নাক গলানোর চেষ্টা এলাকার পক্ষে উদ্বেগজনক এবং তা কখনওই সফল হবে না বলেও ভারতের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/৮