৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল ন্যাশনাল কনফারেন্স
https://parstoday.ir/bn/news/india-i72701-৩৭০_ধারা_বাতিলের_সিদ্ধান্তকে_সুপ্রিম_কোর্টে_চ্যালেঞ্জ_জানাল_ন্যাশনাল_কনফারেন্স
জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল ন্যাশনাল কনফারেন্স দল। আজ (শনিবার) দলটির দুই সংসদ সদস্য আকবর লোন ও হাসনাইন মাসুদি আদালতে এসংক্রান্ত আবেদন জানিয়েছে। তারা জম্মু-কাশ্মির পুনর্গঠন অধিনিয়ম ২০১৯ অসাংবিধানিক বলে ঘোষণা করার আবেদন জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১০, ২০১৯ ১৫:৫৮ Asia/Dhaka
  • ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল ন্যাশনাল কনফারেন্স

জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল ন্যাশনাল কনফারেন্স দল। আজ (শনিবার) দলটির দুই সংসদ সদস্য আকবর লোন ও হাসনাইন মাসুদি আদালতে এসংক্রান্ত আবেদন জানিয়েছে। তারা জম্মু-কাশ্মির পুনর্গঠন অধিনিয়ম ২০১৯ অসাংবিধানিক বলে ঘোষণা করার আবেদন জানিয়েছেন।

সুপ্রিম কোর্টে জানানো আবেদনে বলা হয়েছে, বিধানসভার সুপারিশ ছাড়া ৩৭০ ধারা বাতিল করা অসাংবিধানিক। এসংক্রান্ত  প্রেসিডেন্টের আদেশ বাতিল করা হোক।

ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আব্দুল্লাহ এই মুহূর্তে গৃহবন্দি। দলটির ভাইস-প্রেসিডেন্ট ও জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উপত্যকার অনেক নেতার মতোই পুলিশি হেফাজতে রয়েছেন। তাকে কোথায় রাখা হয়েছে সে বিষয়েও প্রশাসন তুমুল গোপনীয়তা বজায় রেখেছে। এখনও পর্যন্ত রাজ্যের ৮০০ রাজনৈতিক নেতা ও সমাজকর্মীকে আটক করেছে পুলিস। যদিও এসবের মধ্যেই ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ৩৭০ ধারা বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হল।

এদিকে, সন্ত্রাসে অর্থ জোগান দেওয়ার অভিযোগে গতকাল (শুক্রবার) নির্দলয়ী বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। আজ (শনিবার) তাকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে ১৪ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়া হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থার  অভিযোগ, পাকিস্তান থেকে টাকা পেয়ে উপত্যকায় সন্ত্রাসী  কার্যকলাপ চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা। ইঞ্জিনিয়ার রশিদ সেই লেনদের সঙ্গে জড়িত বলে তাদের দাবি।

অন্যদিকে, গতকাল (শুক্রবার) কাশ্মিরে ভারত সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে এবং তাতে কমপক্ষে দশ হাজার লোক শামিল হয়েছেন বলে কোনও কোনও গণমাধ্যমে দাবি করা হয়েছে। আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে ওই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং অতিরঞ্জিত বলে জানানো হয়েছে। শ্রীনগর ও বারামুলায় কিছু বিক্ষিপ্ত বিক্ষোভ হলেও কোনওটিতেই ২০ জনের বেশি লোক জমায়েত হননি বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার /১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।