কাশ্মিরে ঈদের আগে ফের কারফিউ: পরিস্থিতি 'শান্তিপূর্ণ' বলছে পুলিশ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে ঈদের আগে ফের কারফিউ জারি করেছে প্রশাসন। আজ (রোববার) সেখানে নতুন করে নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে এনডি টিভি জানিয়েছে। পুলিশের দাবি, সেখানকার পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।
গতকাল (শনিবার) রাজ্যে পুলিশের পক্ষ থেকে সেখানকার পরিস্থিতি শান্তিপূর্ণ আছে বলে জানানো হয়। কোনও হিংসাত্মক ঘটনা সেখানে ঘটছে না। পুলিশের পক্ষ থেকে বলা হয় সামান্য পাথর নিক্ষেপের ঘটনা ছাড়া কোনও অবাঞ্ছিত ঘটনার খবর নেই।
কিন্তু আজ এনডিটিভি বলছে, পুলিশ গাড়িতে করে ঘুরে এলাকায় লাউডস্পিকারের মাধ্যমে ঘোষণা করেছে, সব মানুষ যেন বাড়ি ফিরে যান। দোকানদারদের বলা হয় শাটার নামিয়ে দিতে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, সাধারণ মানুষ যেন উদ্দেশ্যপ্রণোদিত ও ভুয়ো খবর বিশ্বাস না করেন। গত ছ’দিনে কাশ্মিরে কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি। গত ছ’দিনে পুলিশ একটি বুলেটও নিক্ষেপ করেনি।

পুলিশের আইজি এসপি পানি বলেন, ‘কিছু আন্তর্জাতিক গণমাধ্যম উপত্যকায় গুলি চালানোর খবর দেখাচ্ছে। কিন্তু, তা সম্পূর্ণ ভুয়ো। এমন কোনও ঘটনাই ঘটেনি। গত এক সপ্তাহ ধরেই উপত্যকা শান্তিপূর্ণ রয়েছে।’
এদিকে আজ (রোববার) কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেন, কাশ্মির থেকে ৩৭০ ধারা অপসারণের পরে সেখানে বেশি শান্তি রয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা একে সমর্থন করছেন। তার দাবি, ঈদের আগে পরিস্থিতি স্বাভাবিক আছে। আগে এরকম সময়ে বেশি উত্তেজনা থাকত।
এদিকে, আজ চেন্নাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে বলেন, ‘আমি নিশ্চিতভাবেই বিশ্বাস করতাম সংবিধানের ৩৭০ ধারা উঠে যাওয়া উচিত। কারণ, এই অনুচ্ছেদ বাতিলের পর এবার উপত্যকায় সন্ত্রাসবাদ শেষ হবে ও কাশ্মির উন্নয়নের পথে এগিয়ে যাবে।’
কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা বাতিল করার পরে সংসদের বাইরে এই প্রথম ওই ইস্যুতে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১১