আগাম পরমাণু বোমা ব্যবহারের হুমকি ভারতের: পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i72877-আগাম_পরমাণু_বোমা_ব্যবহারের_হুমকি_ভারতের_পাকিস্তানের_পাল্টা_প্রতিক্রিয়া
আগাম পরমাণু বোমা ব্যবহার করা হতে পারে বলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আভাস দেয়ার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে অভিহিত করেছেন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
আগস্ট ১৭, ২০১৯ ১৪:১০ Asia/Dhaka
  • ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
    ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

আগাম পরমাণু বোমা ব্যবহার করা হতে পারে বলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আভাস দেয়ার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে অভিহিত করেছেন।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগাম পরমাণু বোমা ব্যবহার করার ব্যাপারে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর হুমকি দুঃখজনক যা থেকে নয়াদিল্লীর যুদ্ধংদেহী মনোভাবের পরিচয় পাওয়া যায়। তিনি আরো বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী অগ্রিম পরমাণু বোমা হামলা না চালানোর নীতি থেকে সরে আসার যে আভাস বা হুমকি দিয়েছে তার কোনো মূল্য নেই।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তার দেশ আজ পর্যন্ত পরমাণু যুদ্ধ করেনি কিন্তু আগামীতে তারা কি করবে তা পরিস্থিতির ওপরই নির্ভর করবে। এমন সময় তিনি এ বক্তব্য দিয়েছেন যখন ভারত সরকার জম্মু-কাশ্মীরের স্বায়ত্বশাসন ব্যবস্থা কেড়ে নেয়ায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত এক বছরের কম সময়ের মধ্যে ভারতের কোনো শীর্ষ কর্মকর্তা এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের প্রাক্কালে হুমকি দিয়ে বলেছিলেন, প্রয়োজন হলে নয়াদিল্লী নিজ নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালাবে। এ হুমকির জবাবে পাকিস্তানের কর্মকর্তারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। যদিও নির্বাচনে ভোট পাওয়ার আশায় তিনি ওই হুমকি দিয়েছিলেন কিন্তু তার এ ধরণের বক্তব্য ছিল পররাষ্ট্র নীতির খেলাপ।

কাশ্মিরিদের প্রতি সমর্থনে পাকিস্তানে বিক্ষোভ

ভারতের প্রতিরক্ষামন্ত্রী অগ্রিম পরমাণু বোমা হামলার আভাস দেয়ার পর পাকিস্তানের সরকার, জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। বিভিন্ন শহরে জনগণ বিক্ষোভ করেছে এবং সরকারও ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করেছে। এমনকি পাকসরকার ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কও স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

পাকিস্তান বিষয়টি এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করেছে এবং ভারতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। পাক পররাষ্ট্রমন্ত্রী বেইজিং এ চীনা কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত করেছেন। এ ছাড়া তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাশ্মীর নিয়ে কথা বলেছেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে পরমাণু বোমা হামলার হুমকি দিলেও পাক প্রধানমন্ত্রী ইমরান খান কূটনৈতিক উপায়ে কাশ্মীর সমস্যা সমাধানের কথা বলছেন।#   

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৭