কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ইস্যুতে সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট
-
ভারতের সুপ্রিম কোর্ট
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ ধারা বাতিল ইস্যুতে সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে ওই মামলার শুনানি হবে।
অন্যদিকে, সরকারপক্ষের আপত্তি সত্ত্বেও গণমাধ্যমে বিধিনিষেধ ইস্যুতে কেন্দ্রীয় ও জম্মু-কাশ্মীর সরকারকে সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছে। আগামী ৭ দিনের মধ্যে এর জবাব দিতে হবে। আজ (বুধবার) সুপ্রিম কোর্টের ওই অবস্থানে কেন্দ্রীয় সরকার কার্যত ধাক্কা খেয়েছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩৭০ ধারা বাতিলের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কমপক্ষে ১৪টি আবেদন জমা পড়েছিল। আজ সেই আবেদনের শুনানি হয়।
আজ ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ কেন্দ্রীয় সরকারের আবেদনকে নাকচ করে দেন। অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল ও সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে উপস্থিত থাকায় কেন্দ্রীয় সরকারকে নোটিশ দেয়ার বিরোধিতা করেন। অ্যাটর্নি জেনারেল তার সাফাইতে বলেন যে, এই আদালতের সব কথা জাতিসংঘের সামনে উপস্থাপন করা হচ্ছে। এ নিয়ে উভয়পক্ষের আইনজীবীরা বিতর্কে জড়িয়ে পড়লে, বেঞ্চ জানায়, ‘আমরা জানি কী করতে হবে। আমরা আদেশ পাস করেছি এবং আমরা এটি পরিবর্তন করছি না।’

কাশ্মীরে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণের বিষয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীর সরকারের কাছে জবাব চেয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ওই নোটিসের জবাব দিতে হবে।
এদিকে, কাশ্মীরে দলীয় নেতা ও সাবেক বিধায়ক ইউসুফ তারিগামীর সঙ্গে সিপিএমের মহাসচিব সীতারাম ইয়েচুরিকে সাক্ষাতের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি অবশ্য সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। ইউসুফ তারিগামীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সীতারাম ইয়েচুরি।
এদিন ইয়েচুরির আবেদনের বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেহেতা তার সাফাইতে বলেন, 'কাশ্মীরের পরিস্থিতি বিবেচনা করে সেখানে শুধু আত্মীয়দেরই যেতে দেয়া উচিত।' কিন্তু আদালত জানায়, একজন ভারতীয় নাগরিকের ইচ্ছামতো দেশের যেকোনও অংশে যাওয়ার অধিকার রয়েছে। সীতারাম ইয়েচুরি এরআগে ইউসুফ তারিগামীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গেলে শ্রীনগর বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেয়া হয়েছিল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।