রাহুল গান্ধী যখনই কথা বলেন তাতে পাকিস্তানের প্রশংসা থাকে: অমিত শাহ
https://parstoday.ir/bn/news/india-i73290-রাহুল_গান্ধী_যখনই_কথা_বলেন_তাতে_পাকিস্তানের_প্রশংসা_থাকে_অমিত_শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রাহুল গান্ধী যখনই কথা বলেন তাতে পাকিস্তানের প্রশংসা থাকে। তিনি আজ (রোববার) কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস দলকে কঠোর সমালোচনা করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১৭:৪৪ Asia/Dhaka
  • অমিত শাহ
    অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রাহুল গান্ধী যখনই কথা বলেন তাতে পাকিস্তানের প্রশংসা থাকে। তিনি আজ (রোববার) কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস দলকে কঠোর সমালোচনা করেন।

বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেন, ৩৭০ ধারা নিয়ে রাহুলের বিবৃতির প্রশংসা করে পাকিস্তান। পাক সংসদে রাহুলের মন্তব্যের ভূয়সী প্রশংসা করা হয়। এমনকি পাকিস্তান জাতিসঙ্ঘে রাহুলের মন্তব্যকেও নিজেদের আবেদনপত্রে লিখে পেশ করে। এ নিয়ে কংগ্রেসের লজ্জা হওয়া উচিত! রাহুল যখনই কথা বলেন তাতে পাকিস্তানের প্রশংসা থাকে।’

অমিত শাহ বলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগান দেয়ার বিষয়ে এবং সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের মতো মারাত্মক সময়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধাচরণ করেছে। আমি কংগ্রেসকে জিজ্ঞেস করতে চাই আপনারা কী ধরণের রাজনীতি করতে চান? দেশবাসী পাথরের মতো শক্ত হয়ে মোদিজীর সঙ্গে আছেন।

অমিত শাহ বলেন, ‘৩৭০ ও ৩৫ -এ ধারা দেশকে একত্রিত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। আপনারা সকলে পুনরায় মোদিজীকে প্রধানমন্ত্রী করেছেন এবং সংসদের প্রথম অধিবেশনেই তিনি ৩৭০ ধারা বাতিল করেন। মোদিজী ছাড়া এ কাজ আর অন্য কেউ করতে পারতেন না।’

কংগ্রেসের সমালোচনা করে অমিত শাহ বলেন, ‘বিগত ৭০ বছরে বছরে দেশে অনেক দলের সরকার তৈরি হয়েছে, কেউ তো আবার ৩ প্রজন্ম ধরে শাসন করেছে। কিন্তু এদের মধ্যে কেউই ৩৭০ ধারা বাতিলের মতো সাহসিকতা দেখাতে পারেনি।’

'৩৭০ ধারা বাতিলের ফলে উপত্যকায় উন্নতির রাস্তা খুলেছে। আমরা সকলেই সরকারের ওই সিদ্ধান্তের সঙ্গে আছি কিন্তু কিছু মানুষ এর বিরোধিতা করছে' বলেও অমিত শাহ মন্তব্য করেন।

তিনি বলেন, গোটা বিশ্বকে বলতে চাই যে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে কাশ্মীরে সম্পূর্ণ শান্তি রয়েছে। ৩৭০ ধারা প্রত্যাহারের পরে একটিও গুলি চালানোর দরকার হয়নি, একটি টিয়ার গ্যাসও নিক্ষেপ করতে হয়নি বা কেউ মারা যায়নি বলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।