আশুরার আগেভাগে কাশ্মীরে ফের নিষেধাজ্ঞা জারি, লালচক সিল
https://parstoday.ir/bn/news/india-i73488-আশুরার_আগেভাগে_কাশ্মীরে_ফের_নিষেধাজ্ঞা_জারি_লালচক_সিল
কাশ্মীরে মহররমে আশুরার শোক মিছিল ঠেকাতে শ্রীনগরসহ কাশ্মীরের অনেক জায়গায় কারফিউয়ের মতো বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ (রোববার) প্রশাসনের পক্ষ থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। কর্মকর্তারা অবশ্য বিধিনিষেধ আরোপের কোনও কারণ উল্লেখ করেননি।    
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৯ ১৪:৫৮ Asia/Dhaka
  • আশুরার আগেভাগে কাশ্মীরে ফের নিষেধাজ্ঞা জারি, লালচক সিল

কাশ্মীরে মহররমে আশুরার শোক মিছিল ঠেকাতে শ্রীনগরসহ কাশ্মীরের অনেক জায়গায় কারফিউয়ের মতো বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ (রোববার) প্রশাসনের পক্ষ থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। কর্মকর্তারা অবশ্য বিধিনিষেধ আরোপের কোনও কারণ উল্লেখ করেননি।    

এনডিটিভি সূত্রে প্রকাশ, প্রশাসনিক কর্মকর্তাদের আশঙ্কা, বড় ধর্মীয় সমাবেশের ফলে সহিংস ঘটনা ঘটতে পারে। কর্মকর্তারা বলছেন, লালচকের বাণিজ্যিক কেন্দ্রগুলো ও তৎসংলগ্ন এলাকায় সমস্ত  প্রবেশ পথে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ ‘সিল’ করে দেয়া হয়েছে। উপত্যকায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কাশ্মীরের বিভিন্ন অংশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।   

কর্মকর্তারা অবশ্য বিধিনিষেধ আরোপের কোনও কারণ উদ্ধৃত করেননি, তবে শহর ও উপত্যকার অন্য কোথাও মহররমে আশুরার শোক মিছিল ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কেবলমাত্র জরুরী পরিস্থিতিতে মানুষকে ব্যারিকেড অতিক্রম করার অনুমতি দেয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট কর্মকর্তা দ্বারা প্রদত্ত কারফিউ পাসে যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করেছে।   

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে সেখানে কারিফিউসহ বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উপত্যকার অধিকাংশ এলাকা থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হয়।  

মাওলানা কালবে জাওয়াদ

এর আগে ভারতের প্রখ্যাত শিয়া আলেম মাওলানা কালবে জাওয়াদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জম্মু-কাশ্মীরে মুহাররমের শান্তিপূর্ণ শোকাবহ আশুরার মিছিল বের করার অনুমতি দেয়ার আবেদন জানিয়েছিলেন।

প্রশাসনিক সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, শ্রীনগর, বাডগাম, পুলওয়ামা, অনন্তনাগ, গান্দেরবল, বান্দিপোরা ও বারামুল্লার জেলা কর্মকর্তাদের বলা হয়েছে স্পর্শকাতর এলাকায় শোক মিছিলের অনুমতি না দিতে।

কাশ্মীর উপত্যকায় কমপক্ষে এক লাখ শিয়া মুসলিমের বাস। সেখানে চলমান অচলাবস্থার মধ্যে প্রশাসনিক কর্তৃপক্ষ অন্যদের পাশাপাশি শিয়া এসোসিয়েশনের প্রধান ইমরান রাজা আনসারিকে আটক করেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।