কাশ্মীরে বিক্ষোভ প্রদর্শনকারী জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে আহত ৪
https://parstoday.ir/bn/news/india-i74860-কাশ্মীরে_বিক্ষোভ_প্রদর্শনকারী_জনতা_ও_নিরাপত্তা_বাহিনীর_মধ্যে_সংঘর্ষে_আহত_৪
কাশ্মীরে বিক্ষোভ প্রদর্শনকারী জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে চার জন আহত হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, আজ (মঙ্গলবার) বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে শ্রীনগর ও কাশ্মীরের বিভিন্ন অংশে চার জন আহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৯ ১৬:২৩ Asia/Dhaka
  • কাশ্মীরে বিক্ষোভ প্রদর্শনকারী জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে আহত ৪

কাশ্মীরে বিক্ষোভ প্রদর্শনকারী জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে চার জন আহত হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, আজ (মঙ্গলবার) বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে শ্রীনগর ও কাশ্মীরের বিভিন্ন অংশে চার জন আহত হয়।

আজ শ্রীনগর ও রাজ্যের আরও কিছু অংশ সম্পূর্ণ বন্ধ ছিল। সংঘর্ষের কারণে বিভিন্ন বাজার ও সড়ক পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। সংঘর্ষ ও বনধের ঘটনা এমন সময় ঘটলো যখন জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণকে কেন্দ্র করে সেখানকার পরিস্থিতি মূল্যায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল কাশ্মীরে পৌঁছেছে।

আজ শ্রীনগরের নাটিপোরা, সৌরা, এইচএমটিসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদী জনতা মিছিল বের করার চেষ্টা করে এবং উত্তেজক স্লোগান দেয়। ক্ষুব্ধ মানুষজন এসময় দোকানপাট ও যানবাহন বন্ধ করতে পাথরও নিক্ষেপ  করে। এসময় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ বল প্রয়োগ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে চার জন আহত হয়।

আজ অবশ্য দশম শ্রেণির জন্য বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। পরীক্ষার হলের বাইরে নিজেদের সন্তানদের জন্য বাবা-মায়েরা উদ্বিগ্ন হয়ে ছিলেন। ইকবাল পার্কের একটি পরীক্ষার হলের বাইরে অপেক্ষারত আরশাদ ওয়ানি বলেন, ‘পরীক্ষার জন্য পরিস্থিতি এখনও অনুকূল নয়। সরকারের উচিত ছিল আজকের পরীক্ষা পিছিয়ে দেয়া।’ তিনি বলেন, সমাজের জন্য বাচ্চাদের নিরাপত্তা সর্বোত্তম হওয়া উচিত।

গত তিন মাস ধরে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিদ্যালয়  খোলার জন্য প্রশাসনের প্রচেষ্টায় কোনও ফল হয়নি। নিরাপত্তাজনিত  আশঙ্কায় অভিভাবকরা নিজের সন্তানদের বাড়িতে রেখেছিলেন।

কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অধিকাংশ জায়গা থেকে  নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে সরকার বার বার দাবি করলেও সেখানকার অবরুদ্ধ পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি বলে বিভিন্নমহল থেকে বলা হচ্ছে। উপত্যকায় ল্যান্ডলাইন ও পোস্টপেইড মোবাইল ফোন পরিসেবা চালু করা হয়েছে। কিন্তু গত ৫ আগস্ট থেকে সমস্ত ইন্টারনেট পরিসেবা একনাগাড়ে বন্ধ রয়েছে।#  

পার্সটুডে/এমএএইচ/ মো.আবুসাঈদ/ ২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।