বাংলার মুসলিমদের অবস্থা খারাপ কেন: মমতার প্রতি আসাদউদ্দিন ওয়াইসি
-
ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, মুসলিমরা একশ শতাংশ ভোট দিলেও আপনি বিজেপিকে রুখতে পারেননি। তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন। তিনি বাংলার মুসলিমদের সামাজিক, শিক্ষাগত, অর্থনৈতিক সমস্যা সম্পর্কেও এ দিন মমতার সমালোচনা করেন।
ওয়াইসি আজ মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশ্যে বলেন, ‘উগ্রবাদ তো সেটাই যে, ওনার রাজ্যেই ওনারা ১৮ আসনে বিজেপিকে জিততে দিয়েছেন। উগ্রবাদ তো এটাই আপনি আমাদের গালি দিয়ে বাংলার সমস্ত মুসলিমকে অপমান করছেন যারা আপনাকে একশ’ শতাংশ ভোট দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও বিজেপিকে রুখতে পারেননি।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল (সোমবার) দলীয় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় আসাদউদ্দিন ওয়াইসির দল ‘মিম’-এর নাম না করে বলেছিলেন, ‘বিজেপির কাছ থেকে টাকা নেয় একটা দল আছে, ‘হায়দ্রাবাদে’ তাদের বাড়ি, এখানে নয়। তারা এখানে এসে মিটিং করে বলছে আমরা তোমাদের রক্ষা করব। সংখ্যালঘু ভাইবোনেরা এই ভুলটা করতে যাবেন না। তেমন হিন্দু ভাই-বোনেরাও উগ্র রাজনৈতিকবাদের কাছে, উগ্র হিন্দুবাদের কাছে মাথানত করবেন না।’
এভাবে নাম না করে ‘মিম’কে কার্যত উগ্র মতবাদের সঙ্গে তুলনা করায় রাজনৈতিক অঙ্গনে তাঁর ওই মন্তব্য নিয়ে আলোড়ন সৃষ্টি হয়।
‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি আজ (মঙ্গলবার) মুখ্যমন্ত্রী মমতার পাল্টা জবাবে বলেন, ‘বাংলার মুসলিমদের অবস্থা খারাপ কেন? ‘মানবউন্নয়ন সূচকে বাংলার মুসলিমদের সামাজিক, শিক্ষাগত, অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে বিনম্রভাবে আবেদন জানাচ্ছি যে, দোয়ার জন্য হাত উত্তোলন করা, ইফতারের আমন্ত্রণ জানানো- এসব ছেড়ে দিন। মুসলিমরা এসবের মুখাপেক্ষী নয়। আপনি বাস্তব ক্ষমতায়নের জন্য কাজ করুন।’
তিনি বলেন, ভোট তো দেওয়া হচ্ছে কিন্তু আমাদের ভোটের মূল্য কী? আমাদের নেতৃত্ব কোথায়? নেতৃত্ব তো আপনার? আপনি তো কিছু করেনইনি!’
ওয়াইসি বলেন, ‘আমাদের আন্দোলন রাজনৈতিক ক্ষমতায়ন, সামাজিক ক্ষমতায়ন, শিক্ষায় ক্ষমতায়নের জন্য। আমাদের লড়াই সুবিচারের জন্য। যদি ওই কাজ করলে বাংলার মুখ্যমন্ত্রী উগ্রবাদ দেখতে পান তাহলে আমার কী বলার আছে!’ এরপরেই তিনি বিগত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি কীভাবে ১৮ আসন পেল- তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সোচ্চার হন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।