ভারতের স্বাধীনতা ও ন্যায় বিচারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: ওয়াইসি
https://parstoday.ir/bn/news/india-i75830-ভারতের_স্বাধীনতা_ও_ন্যায়_বিচারের_সঙ্গে_বিশ্বাসঘাতকতা_করা_হয়েছে_ওয়াইসি
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ‘ক্যাব’ পাস হওয়া প্রসঙ্গে মজলিশ-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মধ্যরাতে যখন বিশ্ব ঘুমচ্ছিল, সেসময় ভারতের স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব ও ন্যায়বিচারের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৯ ১৩:৩৩ Asia/Dhaka
  • মজলিশ-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি
    মজলিশ-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ‘ক্যাব’ পাস হওয়া প্রসঙ্গে মজলিশ-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মধ্যরাতে যখন বিশ্ব ঘুমচ্ছিল, সেসময় ভারতের স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব ও ন্যায়বিচারের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন।

গতকাল (সোমবার) দিবাগত মধ্যরাতে লোকসভায় সরকারপক্ষের সংখ্যাগরিষ্ঠতার জেরে অনায়সে নাগরিকত্ব সংশোধনী বিল ‘ক্যাব’ পাস হয়ে যায়। এ প্রসঙ্গে ওয়াইসি বলেন, আমি এর বিরুদ্ধে কঠোর লড়াই করেছি এবং আমি প্রত্যেক ভারতীয়কে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই লড়াই এখনও শেষ হয়নি। হতাশাকে কাছাকাছি আসতে দেবেন না। নির্ভীক ও শক্তিশালী হোন।

গতকাল (সোমবার) ওয়াইসি সংসদে ‘ক্যাব’ নিয়ে বিতর্কের সময় নাগরিকত্ব সংশোধনী বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান। পরে সংসদের বাইরে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি এই বিলের বিরোধিতা করি সেজন্য সেজন্য তা ছিঁড়ে ফেলেছি। একে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসির সঙ্গে যুক্ত করে দেখা প্রয়োজন। কারণ, এই বিল সম্পূর্ণভাবে মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক। বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক ভারতীয়র অধিকার আছে অসাংবিধানিক আইন তৈরির  বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার। সরকার সংবিধানের আত্মার সঙ্গে খেলা করছে বলেও আসাদউদ্দিন ওয়াইসি মন্তব্য করেন।

নাগরিকত্ব বিলের তীব্র বিরোধিতা করে সংসদে বক্তব্য রাখার সময় ওয়াইসি বলেন, এরফলে দেশের আরও একটি বিভাজনের পথ প্রশস্ত হবে। এই আইন হিটলারের আইনের চেয়েও খারাপ। এই বিল ভারতের সংবিধানের বিরুদ্ধে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান। মুসলিমদের রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।