শ্রীনগরে অজ্ঞাত সন্ত্রাসীদের গ্রেনেড হামলা, আহত ২, তল্লাশি
https://parstoday.ir/bn/news/india-i76443-শ্রীনগরে_অজ্ঞাত_সন্ত্রাসীদের_গ্রেনেড_হামলা_আহত_২_তল্লাশি
জম্মু-কাশ্মীরের শ্রীনগরে অজ্ঞাত সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় ২ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ২০২০ সালে এটিই প্রথম সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৪, ২০২০ ১৫:৫৬ Asia/Dhaka
  • শ্রীনগরে অজ্ঞাত সন্ত্রাসীদের গ্রেনেড হামলা, আহত ২, তল্লাশি

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে অজ্ঞাত সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় ২ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ২০২০ সালে এটিই প্রথম সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে।

আজ (শনিবার) সকালে শ্রীনগরের কওদারা এলাকায় টহলরত আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। যদিও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিকটবর্তী এক ট্রান্সফর্মারের সামনে বিস্ফোরণ হয়। এরফলে স্থানীয় দুই বেসামরিক ব্যক্তি আহত হন। স্থানীয় মানুষজন ও নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে প্রকাশ,  আজ সকালে সিআরপিএফের টহলদারি দলের সামরিক যান ডাউন-টাউনস্থিত একটি বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্রেনেড হামলা করা হয়। হামলায় পার্কিং এলাকায় থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ব্যাপারে পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ জওয়ানরা যৌথভাবে সংশ্লিষ্ট এলাকা ঘেরাও করে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এছাড়া,  সড়কে যানবাহন থামিয়ে তল্লাশি চলছে। কিন্তু এখনও পর্যন্ত কেউ  ধরা পড়েনি।

গতকাল (শুক্রবার) জম্মু-কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে মাইন বিস্ফোরণে আধিকারিক-সহ ভারতীয় ৪ সেনা জওয়ান গুরুতর আহত হয়েছিলেন। এদিন বিকেল সাড়ে ৩ টা নাগাদ জম্মু-কাশ্মীরের নৌশেরা সেক্টরের কালাল এলাকায় এক বিস্ফোরণে সেনা জওয়ানরা আহত হলে তাঁদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপরে আজই শ্রীনগরের কওদারা এলাকায় সিআরপিএফ বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড হামলার ঘটনা ঘটল।#

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।