নাথুরাম গডসে ও নরেন্দ্র মোদির মতাদর্শ একই: রাহুল গান্ধী
-
রাহুল গান্ধী এমপি
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, নাথুরাম গডসে ও নরেন্দ্র মোদির মতাদর্শ একই। উভয়ের মধ্যে কোনও পার্থক্য নেই। আজ (বৃহস্পতিবার) কেরালার ওয়েনাডে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
১৯৪৮ সালের ৩০ জানুয়ারি ভারতের জাতিরজনক মোহনদাস করমচাঁদ গান্ধীকে গুলি করে হত্যা করেছিল উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শে বিশ্বাসী নাথুরাম গডসে। রাহুল আজ সেই গডসের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করেছেন।
রাহুল গান্ধী আজ বলেন, ‘নাথুরাম গডসে যখন মহাত্মা গান্ধীকে গুলি করে, তখন ওর চোখ বন্ধ ছিল। কারণ ও জানত ও কী করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওর মতো উগ্র হিন্দুত্বে বিশ্বাসী। পার্থক্য শুধু একটাই, মোদি সাহস করে স্বীকার করতে পারেন না গডসের আদর্শের কথা।’
রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘আপনারাই দেখুন আজ দেশের কী অবস্থা। আপনি বিশ্বের যে কোনও প্রান্তে যান। যে কোনও দেশে গিয়ে জিজ্ঞেস করুন, মোদি ভারতকে কোথায় নিয়ে যাচ্ছে? সবাই বলবে, ভারত আজ দিশা হারিয়েছে।’
রাহুল গান্ধী বলেন, ‘আজ এদেশে কালবুর্গি, গৌরী লঙ্কেশের মতো মুক্তচিন্তার মানুষকে খুন হতে হচ্ছে। প্রত্যেকদিন নারীরা ধর্ষিত হচ্ছেন। বেকারত্ব ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। যে অর্থনীতি সাড়ে ৯ শতাংশ হারে বাড়ছিল, সেই আর্থিক বৃদ্ধির হার এখন আড়াই শতাংশ।’
রাহুল গান্ধী সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’-এর বিরোধিতায় এই প্রথম মাঠে নেমে প্রতিবাদ আন্দোলনে শামিল হলেন। তিনি আজ কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সিএএ ও জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি’র প্রতিবাদে মিছিল করেন।
রাহুল আজ বলেন, ‘আমি ভারতীয় কিনা, সেটা মোদি ঠিক করার কে? কে তাঁকে এটা ঠিক করার লাইসেন্স দিয়েছে, কে ভারতীয়, আর কে নন? ওদের শান্তিপূর্ণ পথে মোকাবিলা করা আমাদের কর্তব্য।’
যেভাবে আমরা গডসের দর্শনের বিরুদ্ধে লড়েছি, সেভাবেই মোদির মোকাবিলা হবে এবং আমরা জিতব বলেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওই মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।