করোনাভাইরাস মোকাবেলায় সার্কের প্রতি মোদির আহ্বান, পাকিস্তানের সাড়া
-
ইমরান খান ও নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে করোনাভাইরাস নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স করতে রাজি হয়েছে পাকিস্তান।
গতকাল (শুক্রবার) করোনা মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক টুইট করেন। এতে তিনি লিখেছিলেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে যৌথভাবে একটি শক্তিশালী কৌশল প্রণয়নের জন্য আমি সার্কভুক্ত দেশগুলোর নেতৃত্বের কাছে প্রস্তাব রাখছি। কীভাবে আমাদের নাগরিকদের সুস্থ রাখা যায়, ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে তা নিয়ে আমরা আলোচনা চালাতে পারি।”
গতকাল রাতে মোদির এ প্রস্তাবে সমর্থন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাখসে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
এরপর আজ (শনিবার) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি টুইটে বলেছেন, ‘‘কোভিড-১৯ আতঙ্ক নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে একসঙ্গে লড়াই চালানো এবং পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা পাকিস্তানও স্বীকার করছে।”
তিনি বলেন, “করোনাভাইরাস নিয়ে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স করতে প্রস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা। আমরা জানাচ্ছি যে, ভিডিও কনফারেন্সে অংশ নেয়ার জন্য এই কর্মকর্তা উপস্থিত থাকবেন।”
ডিসেম্বরের শেষে চীন থেকে ছড়াতে শুরু করা করোনাভাইরাস ইতোমধ্যে পৌঁছে গেছে বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে। বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়ে গেছে, আর মৃতের সংখ্যা পৌঁছেছে সাড়ে পাঁচ হাজারে। অন্যদিকে আরোগ্য লাভ করেছেন ৭২ হাজার মানুষ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।