কেবলমাত্র লকডাউন করে করোনা মোকাবিলা করা যাবে না: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i79129-কেবলমাত্র_লকডাউন_করে_করোনা_মোকাবিলা_করা_যাবে_না_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, ‘কেবলমাত্র লকডাউন করে করোনা মোকাবিলা সম্ভব নয়। করোনা মোকাবিলায় লকডাউন শুধুমাত্র একটা কৌশল।’ তিনি আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ১৬, ২০২০ ১৭:৫৯ Asia/Dhaka
  • রাহুল গান্ধী এমপি
    রাহুল গান্ধী এমপি

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, ‘কেবলমাত্র লকডাউন করে করোনা মোকাবিলা সম্ভব নয়। করোনা মোকাবিলায় লকডাউন শুধুমাত্র একটা কৌশল।’ তিনি আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

রাহুল বলেন, ‘লকডাউন সাময়িকভাবে করোনাভাইরাস ঠেকাতে পারে। কিন্তু ভাইরাস রুখতে গেলে একনাগাড়ে পরীক্ষা করতে হবে। ভারতে প্রতি ১০ লাখে ১৯৯টি করোনা পরীক্ষা হচ্ছে। সরকারের উচিত বেশি সংখ্যায় পরীক্ষা করা। হটস্পট চিহ্নিত করে কৌশলগতভাবে পরীক্ষা করা প্রয়োজন। কিন্তু ভারত সরকারের করোনা পরীক্ষার হার খুব কম।’

রাহুল বলেন, ‘দেশ-বিদেশের বহু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। লকডাউন কোনও সমাধান নয়। লকডাউন খানিকটা পজ বাটনের মতো। লকডাউনে ভাইরাসকে থামানো যাবে কিন্তু লকডাউন উঠলে আবারও ভাইরাস ছড়াবে।’

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় জেলাস্তর থেকে কাজ হওয়া উচিত। প্রধানমন্ত্রীর উচিত জেলা প্রশাসনকে আরও বেশি ক্ষমতা দেওয়া। যা হওয়ার হয়েছে, এবার একসঙ্গে সবাই মিলে কাজ করা উচিত। রাজ্য সরকারগুলোকে আরও বেশি পরিমাণ সাহায্য করা প্রয়োজন। যে দ্রুততায় রাজ্যগুলোকে অর্থসাহায্য করা প্রয়োজন, তা হচ্ছে না।’

রাহুল গান্ধী আরও বলেন, ‘গরিব মানুষের কাছে দ্রুত খাবার পৌঁছে দেওয়া দরকার। সরকার গরিব মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিক। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হোক। বড় শিল্পগুলোকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করুক।’

লকডাউনের পরে সরকার কী করবে সরকার, তার নির্দিষ্ট পরিকল্পনা করা হোক বলেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬